সংবাদদাতা, লালবাগ: ভগবানগোলা থানার দীঘায় জিয়াগঞ্জ-লালগোলা রাজ্য সড়কে পথদুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। মৃত সুদীপ মণ্ডলের(২২) বাড়ি ভগবানগোলার দীঘার মাইলবাসায়। রবিবার লালবাগ মহকুমা হাসপাতালের মর্গে দেহের ময়নাতদন্ত হয়। পুলিস জানিয়েছে, ওইদিন রাতে বন্ধুদের সঙ্গে কালুখালি এলাকায় পিকনিক করেন সুদীপ। পিকনিক শেষে গভীর রাতে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। দীঘায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি জলের ট্যাঙ্কারের পিছনে সজোরে ধাক্কা মারেন। পরে স্থানীয়দের নজরে পড়লে তাঁকে কানাপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ভগবানগোলা থানার এক আধিকারিক বলেন, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।



