Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাবুকের রাঙামাটিতে রেল ক্রসিংয়ে ফ্লাইওভার দাবি

ভাবুকের রাঙামাটিতে রেল ক্রসিংয়ে ফ্লাইওভার দাবি
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি গ্রামে এনসি ১২৯ নম্বর গেটে ২৪ ঘণ্টায় রেলের ক্রসিং বন্ধ করা হয় প্রায় ৫০ বার। এনিয়ে অগণিত যাতায়াতকারীর ভোগান্তির অন্ত থাকে না। বিশেষ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের সময় বার বার রেলগেট বন্ধ হওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। বিকল্প হিসেবে সেই জায়গায় ফ্লাইওভার বা আন্ডারপাসের দাবি জানিয়েছেন বাসিন্দারা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন। আপ এবং ডাউন মিলে দিনে ১১০ টির বেশি ট্রেন যায়। সেজন্য রোজ ৫০-৬০ বার গেট বন্ধ করতে হয়।  রাঙামাটির ওই রেলগেট দিয়ে পুরাতন মালদহ শহর যাওয়া যায়। এছাড়া রাঙামাটি হয়েই গিয়েছে ১২ নম্বর জাতীয় সড়ক।  ওই রুট দিয়ে নারায়ণপুর শিল্পতালুক যাওয়ার রাস্তা রয়েছে। কৃষক, শ্রমিক, পড়ুয়াসহ বহু মানুষ ওই রাস্তার উপর নির্ভরশীল। পথচারী চৈতন্য সরকার বলেন, ক্রসিং থাকার জন্য বারবার গেট পড়ে বলে সমস্যায় পড়েন যাতায়াতকারীরা। সঙ্কটাপন্ন রোগীকে নিয়ে যেতে হলেও এখানে দাঁড়ানো ছাড়া উপায় থাকে না। বিকল্প হিসাবে ফ্লাইওভার দরকার। মালদহের বিধায়ক গোপাল সাহা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। রেলের কাটিহার ডিভিশনের এক আধিকারিকের মন্তব্য, এ বিষয়ে সম্প্রতি কেউ আবেদন জানাননি।  লিখিত দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।
Advertisement
সম্পর্কিত সংবাদ