Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সেনার নজরদারি, কাশ্মীরে নির্ভয়ে ঘুরছেন বাঙালিরা

নিরীহ পর্যটকদের খুন করেছে জঙ্গিরা। পহেলগাঁওয়ে পর্যটকদের আক্রমণ করে কাশ্মীরের পর্যটন অর্থনীতিকে ধ্বংস করে দিতে চেয়েছিল তারা

সেনার নজরদারি, কাশ্মীরে নির্ভয়ে ঘুরছেন বাঙালিরা
  • ২৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: নিরীহ পর্যটকদের খুন করেছে জঙ্গিরা। পহেলগাঁওয়ে পর্যটকদের আক্রমণ করে কাশ্মীরের পর্যটন অর্থনীতিকে ধ্বংস করে দিতে চেয়েছিল তারা। জঙ্গি দমনে কোমর বেঁধে নেমেছে সরকার। এদিকে জঙ্গি আতঙ্ক উপেক্ষা করেই গুলমার্গ ও সোনমার্গে পর্যটকরা ভিড় করায় বিশেষভাবে তা তৎপর্যপূর্ণ। ভূস্বর্গে ভ্রমণে এসে আতঙ্ককে সঙ্গী করেই কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে মরিয়া পর্যটকদের একটি বড় অংশ। এখন কার্যত সেনার দখলে থাকা কাশ্মীরে ওই পর্যটকদের ঘিরেই আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে বলে আশায় রয়েছেন স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ বাসিন্দারা। তাঁরা চান, একটি ঘটনা জেরে যেন পর্যটকরা কাশ্মীর থেকে মুখ না ফিরিয়ে নেন। 

Advertisement

কাশ্মীরে থেকে যাওয়া পর্যটকদের মধ্যে রয়েছেন বহু বাঙালি। দুর্গাপুরে থেকে ৩০ জনের একটি দল এখন কাশ্মীরে রয়েছে। তাঁরা বাড়ি না ফিরে কাশ্মীর চষে বেড়াচ্ছেন। তাঁদের পাঠানো ছবি থেকে স্পষ্ট সোনমার্গে এত ভিড় যে পার্কিং এরিয়ায় গাড়ি রাখার জায়গা নেই। এখন জমজমাট ভূস্বর্গের অন্যতম বিখ্যাত এই এলাকা। পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন নিরীহ পর্যটকরা। ক্ষোভ ফুঁসছে গোটা দেশ। এই প্রথম কাশ্মীরের সাধারণ মানুষ এই হামলার প্রতিবাদে মিছিল করেছেন। কাশ্মীরের অর্থনীতি টিকে রয়েছে এই পর্যটকদের উপরেই। জঙ্গিরা সেই অর্থনীতিতে আঘাত হানতেই পরিকল্পিভাবে এই ঘটনা ঘটিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেক পর্যটক কাশ্মীর ভ্রমণ যাওয়ার বাতিল করেছেন। পর্যটকদের বড় অংশের মনে যখন আতঙ্ক তখনও ভ্রমণপিপাসু বাঙালির একটি অংশ থমথমে কাশ্মীরে চুটিয়ে ঘুরে বেড়াচ্ছেন। 
দুর্গাপুরের পম্পা চট্টোপাধ্যায় ও তাঁর স্বামী নিজেদের ভ্রমণ সংস্থায় ৩০ জন পর্যটককে নিয়ে কাশ্মীর নিয়ে গিয়েছেন। জঙ্গি হামলার দিন তাঁরা সোয়ানকোর্ট এলাকায় আটকে পড়েন। স্থানীয় কাশ্মীরীরাই নিজেদের বাড়িতে তাঁদের আশ্রয় দিয়েছিল। কাশ্মীরিদের আতিথেয়তা তাঁরা মুগ্ধ। পর্যটকরা সিদ্ধান্ত নেন এই অবস্থাতেও তাঁরা কাশ্মীর ঘুরে দেখবেন। তাঁদের দাবি, গুলমার্গ ও সোনমার্গ এলাকায় এলেই বোঝা যাবে জঙ্গিদের আতঙ্ককে হারিয়ে পর্যটকরা কাশ্মীরে ঘুরে বেড়াচ্ছেন। পুলিস, সেনাবাহিনীর পাশাপাশি সাধারণ বাসিন্দারাও তাঁদের অভয় দিচ্ছেন। 
পম্পাদেবী বলেন, এই সময়ে অনেকেই ভাববেন কাশ্মীরে অঘোষিত বন্‌ধচলছে। কিন্তু, পর্যটকদের এতটাই ভিড় ছিল যে আমরা গুলমার্গে রাইডে চড়ার জন্য টিকিট পাইনি।  শুক্রবার সোনমার্গে পাকিং এরিয়ার যে ছবি পাঠিয়েছেন তাতে দেখা যাচ্ছে, গাড়ি রাখার জায়গা নেই। ব্যাপক ভিড়। হাওড়া, শিয়ালদহ স্টেশনের বাইরে পার্কিং এরিয়ার ছবি মনে হচ্ছে। পর্যটক অভিষেক হাইত, মিতা হেলারা বলেন, বার বার কাশ্মীর আসা হবে না। তাই আমরা ঝুঁকি নিয়েই কাশ্মীরে ঘুরছি। আমরা যে সব এলাকায় ঘুরতে গিয়েছি সেখানে আতঙ্কের পরিবেশ দেখতে পাইনি।   গুলমার্গে পর্যটকদের গাড়ির ভিড়।

Advertisement
সম্পর্কিত সংবাদ