Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তামিলনাড়ুতে কাজে গিয়ে মৃত্যু বাঙালি শ্রমিকের

তামিলনাড়ুতে কাজে গিয়ে মৃত্যু হল এক বাংলার এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম হরষিত হীরা

তামিলনাড়ুতে কাজে গিয়ে মৃত্যু বাঙালি শ্রমিকের
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: তামিলনাড়ুতে কাজে গিয়ে মৃত্যু হল এক বাংলার এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম হরষিত হীরা। তাঁর বাড়ি দেগঙ্গার বেড়াচাঁপা ১ নম্বর পঞ্চায়েতের পূর্ব চ্যাংদানা এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। তবে এই মৃত্যু নিয়ে সংশয় প্রকাশ করেছে পরিবার। তাঁদের আশঙ্কা, বাংলা ভাষায় কথা বলায় হয়তো চরম পরিণতি হয়েছে হরষিতের। তাঁরা এখন ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায়। স্থানীয় সূত্রে খবর, বছর চল্লিশের হরষিত হীরা তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে একটি বেসরকারি সংস্থায় দিনমজুরের কাজ করতেন। প্রায় ১৫ বছর ধরে সেখানেই কর্মরত ছিলেন তিনি। দেড় বছর আগে শেষবার বাড়িতে এসেছিলেন। কিছুদিন বাদেই তাঁর বাড়ি ফেরার কথা ছিল। হরষিতের স্ত্রী ছাড়াও দুই কন্যাসন্তান রয়েছে। রবিবার সকালে একমাত্র রোজগেরে সদস্য হরষিতের মৃত্যুর খবর পায় পরিবার। মৃতের দাদা নবকুমার বলেন, তিরুচিরাপল্লি থেকে ফোনে আমাদের জানানো হয়, শনিবার স্ট্রোক হয়ে নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে মৃত্যু হয়েছে ভাইয়ের। কী হয়েছে, সত্যিটা বলতে পারব না। ওখানে যারা আছে তারাই বলতে পারবে। অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দেগঙ্গা ব্লক তৃণমূলের সভাপতি আনিসুর রহমান। তিনি বলেন, দলের তরফে আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি। পরিবারকে সেখানে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ভিন রাজ্যে যেভাবে বাঙালি খেদাও হচ্ছে, তাতে এই মৃত্যু নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। তাই মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি। এদিকে, বিডিও ফাহিম আলম বলেন, সরকারের তরফে মৃতদেহ আনার ব্যবস্থা করা হচ্ছে। ময়নাতদন্তের পর আশা করা যায়, সোমবার দেহ ফিরিয়ে আনা সম্ভব হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ