খাবার পরে একটু ডেজার্ট চাই বাঙালির। তবে এবার আর দেশি স্বাদ নয়, বিদেশি উপকরণ দিয়েই হোক মধুরেণ সমাপয়েৎ।
খাবার পরে একটু ডেজার্ট চাই বাঙালির। তবে এবার আর দেশি স্বাদ নয়, বিদেশি উপকরণ দিয়েই হোক মধুরেণ সমাপয়েৎ।
কাস্টার্ড বরফি
উপকরণ: কাস্টার্ড পাউডার ৩ টেবিল চামচ, দুধ লিটার, ছোলার ডাল সিদ্ধ করা ১ কাপ, চিনি ১ কাপ, ঘি ১ টেবিল চামচ, ছোট এলাচের গুঁড়ো অল্প পরিমাণে।
প্রণালী : দুধ জ্বাল দিয়ে বেশ খানিকক্ষণ ফোটান। ইতিমধ্যে ছোলার ডাল বেটে নিন। তা দুধে মেশান। তাতে চিনি মিশিয়ে নাড়ুন। এরপর পুরো মিশ্রণটা ঠান্ডা করে নিন। তারপর তাতে কাস্টার্ড পাউডার গুলে নিন। নাড়তে নাড়তে ঘন হলে ঘি আর এলাচ গুঁড়ো মিশিয়ে থালায় সমান করে ঢেলে দিন। ঠান্ডা করে বরফির আকারে কেটে নিন।
কাস্টার্ড মোহিনী
উপকরণ: কাস্টার্ড পাউডার ৩ টেবিল চামচ, দুধ লিটার, খেজুর ১০টা, আমসত্ত্ব ছোট পিস করে কাটা ২ টেবিল চামচ, চিনি ৪ টেবিল চামচ।
প্রণালী: দুধ জ্বাল দিয়ে অর্ধেক করে নিন। তাতে চিনি মিশিয়ে নেড়ে নিন। খেজুরের দানা ফেলে পেস্ট করে দুধের সঙ্গে মিশিয়ে দিন। আরও ফুটিয়ে ঘন করে নামান। ঠান্ডা হলে কাস্টার্ড পাউডার মেশান। নাড়তে নাড়তে বেশ ঘন হলে আমসত্ত্বর পিস মিশিয়ে দিন। সার্ভিস বোলে ঢেলে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন কাস্টার্ড মোহিনী।
কাস্টার্ড বল
উপকরণ: কাস্টার্ড পাউডার ৪ টেবিল চামচ, দুধ ৪ কাপ, চিঁড়ে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করা ১ কাপ, রোস্টেড কাজু ১৫টা (গুঁড়ো করা), চিনি ৫ টেবিল চামচ, গুঁড়ো দুধ ২ টেবিল চামচ।
প্রণালী: কড়াইতে দুধ জ্বাল দিয়ে ফুটিয়ে নিন। বেশ খানিকক্ষণ ফোটার পর তাতে চিনি মিশিয়ে কিছুক্ষণ নেড়ে নিন। তারপর চিঁড়ে এবং কাজুর গুঁড়ো দিয়ে নাড়তে হবে। একটু ঘন হয়ে এলে তা আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করুন। তারপর তাতে কাস্টার্ড পাউডার গুলে নিন। আবারও আঁচে বসান ও সমানে নাড়তে নাড়তে মণ্ড বানান। তারপর তা ঠান্ডা করে নিন। হাতে ঘি মাখিয়ে মণ্ড থেকে অল্প করে নিয়ে বলের আকারে গড়ে গুঁড়ো দুধে গড়িয়ে নিন।
মনীষা দত্ত