Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলা গর্বের ভাষা, কবিগুরুর কমর্ভূমিতে প্রতিবাদী পদযাত্রায় বুঝিয়ে দেবেন মমতা

নোবেল জয় করে বিশ্বে বাংলা ভাষার জয়ধ্বজা উড়িয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরুর সেই কর্মভূমি থেকেই ভাষা আন্দোলন শুরু করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলা গর্বের ভাষা, কবিগুরুর কমর্ভূমিতে প্রতিবাদী পদযাত্রায় বুঝিয়ে দেবেন মমতা
  • ২৭ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: নোবেল জয় করে বিশ্বে বাংলা ভাষার জয়ধ্বজা উড়িয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরুর সেই কর্মভূমি থেকেই ভাষা আন্দোলন শুরু করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বাংলাদেশিদের ভাষা বাংলা নয়। এদেশেরও গর্বের ভাষা বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামরা বাংলা ভাষাতেই ভুবন জয় করেছেন। সেই বার্তা তিনি এদিনের পদযাত্রা থেকে দেবেন।  ট্যুরিস্টলজ মোড় থেকে জামবনী পর্যন্ত যাবে এই পদযাত্রা। এদিনের কর্মসূচি ঘিরে জেলা তৃণমূল নেতৃত্ব চাঙ্গা হয়ে উঠেছে। কয়েক মাস পরই বিধানসভা নির্বাচন। প্রতিবাদের এই পদযাত্রা থেকে লালমাটির জেলার কর্মী এবং সমর্থকরা ভোটের ময়দানে নামার বার্তাও  পেয়ে যাবেন বলে অনেকে মনে করছেন। রাজনৈতিক মহলের মতে, ভাষা আন্দোলন শুরুর জন্য বোলপুরকে বেছে নেওয়ার একাধিক কারণ রয়েছে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে এক ঢিলে অনেক পাখি মারা যাবে। 

Advertisement

বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বদের দাবি, সোমবার দু’লক্ষ কর্মী, সমর্থক পদযাত্রা থেকে বাংলা ভাষার জন্য গর্জন করবেন। বেলা ১২টা থেকে বোলপুর প্রতিবাদা মিছিল হবে। জেলা তৃণমূলের কোর কমিটির চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জেলা থেকে ভাষা আন্দোলন শুরু করছেন। এটা আমাদের কাছে গর্বের বিষয়। জেলার বাসিন্দারা তাঁর সঙ্গে পদযাত্রায় পা মেলাবেন। 
২৮ তারিখ দু’দিনের জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ওইদিনই বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করবেন। পরে পদযাত্রায় অংশ নেবেন তিনি। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার চলছে। তার বিরুদ্ধেই এই পদযাত্রা হতে চলেছে। ২১জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। বীরভূম জেলা থেকে সেই কর্মসূচি শুরু হতে চলেছে। তা সফল করতে ইতিমধ্যে কোর কমিটির বৈঠকে জেলা নেতৃত্ব বিস্তারিত আলোচনা সেরেছে। শনিবার জেলা কমিটির বৈঠক হয়। সেখানেও কর্মসূচির প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। 
 দলীয় সূত্রে জানা গিয়েছে, যেসব এলাকায় রেলপথের সুবিধা রয়েছে সেখান থেকে দলীয় কর্মী সমর্থকরা ট্রেনে চড়ে বোলপুরে পৌঁছাবেন। যেখানে ট্রেনের সুবিধা নেই সেখানকার নেতা-কর্মী ও সমর্থকরা বাসে আসবেন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জেলার মাটিতে শাসকদলের এহেন পদযাত্রা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে অনেকে মনে করছেন। জানা গিয়েছে, পদযাত্রার পর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করবেন। পরে সেখানেই পথসভা হবে। ওই পথসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকেই মুখিয়ে রয়েছেন দলীয় নেতা-কর্মী সহ আমজনতা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ