মুম্বই: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঘুরে দাঁড়াল বাংলা। মঙ্গলবার ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদবদের উত্তরপ্রদেশকে ৯৩ রানে বশ মানিয়েছে বঙ্গ ব্রিগেড। মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে পিচ ভেজা থাকায় খেলা দেরিতে শুরু হয়। ওভার কমে দাঁড়ায় ১৫। টস হেরে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২০১ রান তোলে বাংলা। সৌজন্যে, ৫টি চার ও ৮টি ছক্কা সহ ২৯ বলে করণ লালের দুরন্ত অপরাজিত ৮২ রানের ইনিংস। এছাড়া অভিষেক পোড়েলও (৬৯) অর্ধশতরান হাঁকিয়েছেন। সবচেয়ে বড়ো ব্যাপার, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদবদের মতো জাতীয় দলের তারকাদের পর্যন্ত রেয়াত করেননি করণ, অভিষেক। ভুবি তো ৩ ওভারে ৫৫ রান খরচ করেছেন। কুলদীপ ১৩.৩৩ গড়ে ৩ ওভারে বিলিয়েছেন ৪১। তাঁর একমাত্র শিকার অভিমন্যু ঈশ্বরণ (১৯)। বরং বাংলার বোলারদের পারফরম্যান্স বেশ উজ্জ্বল।



