নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথম দু’টি ম্যাচ জিতে চলতি রনজি ট্রফিতে দুরন্ত ছন্দে বাংলা। তৃতীয় ম্যাচে ত্রিপুরার বিরুদ্ধেও দাপট জারি লক্ষ্মীরতন শুক্লার দলের। আগরতলায় শনিবার প্রথম দিনের শেষে মাত্র এক উইকেট হারিয়ে বঙ্গ-ব্রিগেড তুলেছে ১৭১। সৌজন্যে শাকির হাবিব গান্ধী (ব্যাটিং ৮২) ও সুদীপ ঘরামির (ব্যাটিং ৭০) দাপট। আলোর অভাবে এদিন খেলা হয় মাত্র ৬০ ওভার।
অভিমন্যু ঈশ্বরণ, আকাশদীপ, সুদীপ চ্যাটার্জির অনুপস্থিতিতে অভিষেক পোড়েলরা কেমন পারফরম্যান্স মেলে ধরেন, সেদিকে আগ্রহ ছিল ক্রিকেট মহলের। মহারাজা বীর বিক্রম কলেজ স্টেডিয়ামে টস হেরে প্রথমেই ধাক্কা খায় বাংলা। খাতা খোলার আগেই ডাগ আউটের পথ ধরেন তরুণ কাজি সইফ। ঘাতক অভিজিৎ সরকার। তবে এই ধাক্কা চওড়া ব্যাটে সামলে নেন সুদীপ ঘরামি ও শাকির হাবিব গান্ধী। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে এই জুটি স্কোরবোর্ডে যোগ করে ১৬৭। বাংলার লক্ষ্য বোনাস পয়েন্ট সহ এই ম্যাচ জেতা। কিন্তু প্রকৃতিই উদ্বেগে রাখছে।