নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর কোনো জল্পনা নয়। সুপ্রিম কোর্টের নির্দেশমতো কর্মরত শিক্ষকদের আবশ্যিক টেট-এ বসার ‘সুযোগ’ দেওয়ার পথেই হাঁটল রাজ্য। শুক্রবার সরকারের তরফে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে, সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে বছরে অন্তত দু’টি টেট নিতেই হবে। আগের সময়সীমা এক বছর বাড়িয়ে ২০২৮-এর ৩১ আগস্ট পর্যন্ত করেছে আদালত। এরপর আর সময়সীমা বাড়ানো হবে না। এই নির্দেশের ফলে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে শিক্ষক মহলে। কারণ, অন্তত লাখখানেক শিক্ষককে এই পরীক্ষায় বসতে হবে। ঋতব্রতপন্থী তৃণমূলের শিক্ষক সেলের সভাপতি অশোক রুদ্র বলেন, ‘আগে আমরা অ্যাফেকটেড ট্রেইন্ড টিচার্স নামে সর্বোচ্চ আদালতে মামলা করেছিলাম। ফের আমরা সেই নামেই মামলার পথে হাঁটছি। মুখ্যমন্ত্রীকেও আবেদন জানাচ্ছি, নির্দিষ্ট সময়ের আগে নিয়োগ হওয়া শিক্ষকদের যেন বাধ্যতামূলক টেট-এ বসতে না হয়। এ ব্যাপারে তিনি কেন্দ্রের কাছে দরবার করুন।’ বিজেপি শিক্ষা সেলের সহ-আহ্বায়ক পিন্টু পাড়ুই বলেন, ‘আমরা এখনও বলছি, কোনো শিক্ষককেই টেট দিতে হবে না। মুখ্যমন্ত্রী বিষয়টি দেখছেন। কেন্দ্রের কাছে তিনি অর্ডিন্যান্স জারির আবেদন জানাবেন বলে আশা রাখি।’



