Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্যে প্রথম কৌশল মহোৎসব বালুরঘাটে, সরাসরি চাকরি পাবেন বেকাররা, জমা পড়েছে সাত হাজার আবেদন

কেন্দ্র সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গে প্রথমবার বালুরঘাটে শুরু হচ্ছে ‘কৌশল মহোৎসব’ (জব ফেয়ার)। মঙ্গলবার থেকে ওই জব ফেয়ারের মাধ্যমে প্রায় সাত হাজার যুবক-যুবতী কর্মসংস্থানের সুযোগ পাবেন।

রাজ্যে প্রথম কৌশল মহোৎসব বালুরঘাটে, সরাসরি চাকরি পাবেন বেকাররা, জমা পড়েছে সাত হাজার আবেদন
  • ১৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 গোপাল সূত্রধর, বালুরঘাট: কেন্দ্র সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গে প্রথমবার বালুরঘাটে শুরু হচ্ছে ‘কৌশল মহোৎসব’ (জব ফেয়ার)। মঙ্গলবার থেকে ওই জব ফেয়ারের মাধ্যমে প্রায় সাত হাজার যুবক-যুবতী কর্মসংস্থানের সুযোগ পাবেন। প্রায় সাত হাজারের কাছাকাছি বেকার যুবক-যুবতীর ইতিমধ্যেই নাম রেজিস্ট্রেশন করে ফেলেছেন। এখনও পর্যন্ত দেশের ৫৪টি নামীদামি কোম্পানি এখানে আসবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। 

Advertisement

যাঁরা এখনও পর্যন্ত অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে পারেননি মঙ্গলবার বালুরঘাট স্টেডিয়ামে তাঁরা সরাসরি নাম রেজিস্ট্রেশন করে ইন্টারভিউ দিতে পারবেন। শুধু কর্মসংস্থানের সুযোগ নয়, একই সঙ্গে বালুরঘাট স্টেডিয়ামে কেন্দ্রের স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ মন্ত্রকের পক্ষ থেকে চলবে নানা প্রশিক্ষণ। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বালুরঘাটে সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়াও রাজ্যের একাধিক মন্ত্রীর থাকার সম্ভাবনা রয়েছে। ওই জব ফেয়ারের চূড়ান্ত প্রস্তুতি জোরকদমে চলছে। সোমবার বিকালে সাংবাদিক সম্মেলন করেন জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি ও মিনিস্ট্রি অব স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ মন্ত্রালয়ের ডিরেক্টর ভি. এস অরবিন্দ।
ভি. এস অরবিন্দ বলেন, পশ্চিমবঙ্গে এই প্রথম জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। এখানে দেশের বিভিন্ন প্রান্তের নামীদামি সংস্থা থাকবে। প্রায় সাত হাজার ছেলে মেয়ের কর্মসংস্থান হবে। এছাড়া বেকার যুবক যুবতীদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কেরিয়ার গড়ার নানা দিশা দেখানো হবে। যাঁরা এখনও নাম রেজিস্ট্রেশন করেননি তাঁরা এসে সরাসরি রেজিস্ট্রেশন করাতে পারবেন। 
জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি বলেন, একজন চাকরিপ্রার্থী তিনটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারবেন। শুধু এই জেলা নয়, বাইরের জেলার ছেলেমেয়েরাও আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই কলকাতা, মুর্শিদাবাদ, মালদহ সহ বিভিন্ন জায়গার ছেলেমেয়েরা এই জব ফেয়ারের আসার জন্য রেজিস্ট্রেশন করেছেন।
সোমবার জব ফেয়ার নিয়ে ভিডিও বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, পশ্চিমবঙ্গে প্রথম বালুরঘাটে এই ধরনের জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। 
বহু সংস্থা এই জব ফেয়ারে থাকবে। আমাদের জেলায় ও সংলগ্ন এলাকার বহু ছেলেমেয়েরা চাকরি পাবেন। কেন্দ্রীয় স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রী জয়ন্ত চৌধুরীর কাছে বালুরঘাটে এই ধরনের একটি কর্মসূচি আয়োজন করার জন্য আমি আবেদন জানিয়েছিলাম। তাঁকে ধন্যবাদ জানাই।
প্রশাসন সূত্রে গিয়েছে, জব ফেয়ারের জন্য বালুরঘাট স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে। স্টেডিয়ামে একদিকে মঞ্চ তৈরির কাজ চলছে। কোম্পানিগুলির জন্য আলাদা আলাদা স্টল বসানো হচ্ছে। চাকরি প্রার্থীরা সরাসরি সেখানে এসে নিজেদের নথি পরীক্ষা করিয়ে ইন্টারভিউ দিতে পারবেন। যোগ্য হলে অফার লেটার দিয়ে দেওয়া হবে। বেসরকারি ব্যাঙ্ক, ফিনান্স কোম্পানি থেকে শুরু করে মোটরসাইকেল, গাড়ি,  শিল্প সহ নানা কাজ এখান থেকে পাবেন যোগ্য চাকরিপ্রার্থীরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ