রাজকোট: চ্যাম্পিয়ন হওয়া নয়, টুর্নামেন্টে অংশগ্রহণই এখন একমাত্র লক্ষ্য বাংলার। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিলেন অনুষ্টুপ মজুমদাররা। এবার উত্তর প্রদেশের কাছে হেরে বিজয় হাজারে ট্রফিতেও আশা শেষ বঙ্গ ব্রিগেডের। প্রথমে ব্যাট করতে নেমে বাংলা ৪৫.১ ওভারে ২৬৯ রানে অল-আউট হয়। সর্বাধিক রান সুদীপ ঘরামির ৯৪। তিনি ও শাহবাজ (৪৩) ছাড়া বাকি ব্যাটাররা ব্যর্থ। জবাবে উত্তর প্রদেশ ৪২.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের কড়ি জোগাড় করে নেয়। ম্যাচের নায়ক ধ্রুব জুরেল। ৯৬ বলে তিনি ১২৩ করে রান আউট হন।
বাংলার এই হতশ্রী পারফরম্যান্স দেখে বিস্মিত হওয়ার কিছু নেই। কারণ, এক যুগের বেশি সময় ধরে এই ধারা চলছে। ১৩ বছর আগে শেষবার এসেছিল বিজয় হাজারে ট্রফি। ১৪ বছর হয়ে গেল মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে খেতাব জয়ের স্মৃতি। আর রনজির কথা না বলাই ভালো। ১৯৮৯-৯০ মরশুমে সম্বরণ ব্যানার্জিদের সাফল্যই এখনও ভাঙিয়ে চলছে। ধারাবাহিক ব্যর্থতার পরেও সিএবি কর্তাদের হেলদোল নেই। আসলে দলাদলি, ব্যক্তি স্বার্থ যেখানে বেশি গুরুত্ব পায়, সেখানে ক্রিকেট তো দুয়োরানি হবেই। সৌরভ গাঙ্গুলি সিএবি সভাপতি হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। তিনি হাল না ধরলে লজ্জা আরও বাড়বে।