নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: দিনের বেলায় তীব্র গরম। রাস্তায় যাতায়াত করতে নাভিঃশ্বাস উঠছে সাধারণ মানুষের। কিন্তু সন্ধ্যা নামতেই স্বস্তি। কারণ বেশিরভাগ দিনই সন্ধ্যার পর ঝড়বৃষ্টি হচ্ছে। এর ফলে তাপমাত্রা কমছে। আর এতেই উল্লেখযোগ্য ভাবে কমেছে বিয়ারের বিক্রি। যার প্রভাব পড়েছে রাজস্বে, বলে মত প্রশাসনের আধিকারিকদের। তবে শুধু পশ্চিম মেদিনীপুর নয়। গোটা রাজ্যেই বিয়ার বিক্রি কমেছে। প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন, পশ্চিম মেদিনীপুরে প্রায় ৩০ শতাংশ কমেছে বিয়ার বিক্রি। গত বছর এপ্রিল মাসে প্রায় ১৬ লক্ষ ৭৮ হাজার লিটার বিয়ার বিক্রি হয়েছিল। তা থেকে প্রায় ২৪ কোটি টাকার রাজস্ব এসেছে। চাহিদা অনুযায়ী বিয়ারের জোগান দিতে হিমশিম খেতে হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু এবছর এপ্রিল মাসে ১০ লক্ষ ৮৫ হাজার লিটার বিয়ার বিক্রি হয়েছে। রাজস্ব এসেছে ১৮ কোটি টাকার। অর্থাৎ গত বছরের তুলনায় প্রায় ৬ লক্ষ লিটার বিয়ার কম বিক্রি হয়েছে। পশ্চিম মেদিনীপুর সদর আবগারি সার্কেলের অফিসার ইনচার্জ অভিজিৎ হালদার বলেন, বিয়ারের বিক্রি আগের তুলনায় কমেছে।
তীব্র গরমে নাজেহাল মানুষ সাময়িক স্বস্তি পেতে শীতল পানীয়তে চুমুক দিতে পছন্দ করেন। তবে গত কয়েক বছরে রাজ্যজুড়ে বিয়ার পানের প্রবণতা বেড়েছে। মূলত মার্চ মাস থেকে জুন, জুলাই, আগস্ট পর্যন্ত বিয়ার বেশি বিক্রি হয়। জঙ্গলমহলের জেলাগুলোতে বিয়ার ও মদের বিক্রি সারাবছরই বেশি। কিন্তু গত বছর পর্যন্ত ব্যাপক বিয়ার বিক্রি হলেও এবছর তা কমেছে। তার দু’টি কারণ সামনে আসছে। প্রথমত, গরম বাড়লে চিল্ড বিয়ার খাওয়ার প্রবণতা বাড়ে। কিন্তু বিকেলের পর আবহাওয়া ঠান্ডা হয়ে যাওয়ায় বিয়ারের বিক্রি কমেছে। দ্বিতীয়ত, ইদানিং বিয়ারের দাম অস্বাভাবিক বেশি। বেশকিছু বিয়ারের দাম পাঁচ টাকা থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে। বহুজাতিক কোম্পানির বিয়ার খেতে হলে ২০০ থেকে ২৫০ টাকা খরচ করতে হয়। যা সাধারণ মধ্যবিত্ত পরিবারের আয়ত্ত্বের বাইরে।আবগারি দপ্তরের এক আধিকারিক বলেন, গোটা রাজ্যেই বিয়ার বিক্রি কমেছে। গত বছর এপ্রিল মাসে গোটা রাজ্যে প্রায় ২৯ কোটি ৩৯ লক্ষ লিটার বিয়ার বিক্রি হয়েছিল। এবছর বিক্রির পরিমাণ কমে প্রায় ২১ কোটি ৫৩ লক্ষ লিটারে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রায় ৮ কোটি লিটার বিয়ার বিক্রি কমেছে। মেদিনীপুর শহরের এক মদ ব্যবসায়ী বলেন, দিনের বেলায় মদ, বিয়ারের বিক্রি কম থাকে। সন্ধ্যার পর থেকে বিক্রি বাড়ে। কিন্তু সন্ধ্যাবেলায় ঝড়বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমে যাচ্ছে। গরম না থাকায়, মানুষ আর বিয়ার কিনছেন না। প্রচুর পরিমাণে বিয়ারের স্টক তুললেও বিক্রি কম হচ্ছে। এর ফলে লোকসান বাড়ছে। মদ বিক্রি তুলনামূলক ঠিকই আছে। মেদিনীপুর শহরের বাসিন্দা স্বপন নস্কর বলেন, এমনিতেই বৃষ্টি হলেই আবহাওয়া ভালো হয়ে যাচ্ছে। তার মধ্যে বিয়ার খেলেই ঠান্ডা লেগে শরীর খারাপ হচ্ছে। তার উপর বিয়ারের দাম প্রচুর বেড়েছে।