Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়দিনে নতুন জামা না পেয়ে ‘আত্মঘাতী’ মাধ্যমিক পরীক্ষার্থী

বড়দিনে নতুন জামা না পেয়ে ‘আত্মঘাতী’ মাধ্যমিক পরীক্ষার্থী
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: বড়দিনে নতুন জামা কেনার বায়না ধরেছিল মেয়ে। কিন্তু অনটনের সংসারে সেদিন জামা কিনে দিতে পারেনি পরিবারটি। মেয়ের মা  নাকি বলেছিলেন, নতুন ধান বিক্রি করে জামা কিনে দেওয়া হবে। কিন্তু তার আগেই অভিমানে চরম সিদ্ধান্ত নিল কিশোরী। মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরীর আত্মহত্যার ঘটনায় শোকস্তব্ধ ইটাহারের পোরষা গ্রামের হালদার পরিবার। 
Advertisement
বছর পনেরোর মেয়েটি মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। একমাস পরই পরীক্ষা। বাবা লক্ষ্মণ হালদার পেশায় মৎস্যজীবী। মা মুক্তি হালদার গৃহবধূ। বড়দিদি কলেজ পড়ুয়া। চারজনের ছোট্ট সংসার। তবুও কোনওমতে চলছিল অনটনের সংসার। বুধবার সকালে মেয়েটির বাবা নদীতে মাছ ধরতে যান। দিদি যায় ইটাহার কলেজে বড়দিনের অনুষ্ঠানে। বড়দিনে ঘুরতে যাওয়ার জন্য ছোটমেয়ে নতুন জামা কেনার আবদার করে। পরীক্ষার আগে টিউশনের কয়েকমাসের টাকা বাকি ছিল। সকালেই মায়ের কাছে সেই টাকাও চায় মেয়েটি। পরিবার সূত্রে খবর, মেয়েকে কয়েকদিন অপেক্ষা করতে বলেন মা। ধান বিক্রি করে কয়েকদিন পরে টাকা দেওয়া হবে বলে জানান। কিন্তু বড়দিনে জামা না পেয়ে মন খারাপ ছিল মেয়েটির। দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে আত্মঘাতী হয় মেয়েটি। মেয়ের এমন কাণ্ডে অবাক পরিবার। মা কেঁদেই চলেছেন। মৃতার মা  জানান, ধান বিক্রি করে মেয়েকে টাকা দেব বলেছিলাম। স্বপ্নেও ভাবিনি ও এরকম করে বসবে। খবর পেয়ে ইটাহার থানার পুলিস দেহ ময়নাতদন্তে পাঠায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
সম্পর্কিত সংবাদ