সংবাদদাতা, নকশালবাড়ি: ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের মুরালিগঞ্জে পুলিসের অভিযানে দু’টি পৃথক ঘটনায় গোরু, মোষ উদ্ধার হয়। গ্রেপ্তার হয়েছে দু’জন। পুলিস জানিয়েছে, ধৃতরা হল সানিফ রেজা ও মহম্মদ হায়দর। প্রথমজন বিহারের বাসিন্দা, অপরজন উত্তরাখণ্ডের। পুলিস সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে সোর্স মারফত খবর পেয়ে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিস মুরালিগঞ্জে নাকা চেকিং পয়েন্টে সন্দেহজনক একটি লরি আটক করে। লরিতে তল্লাশি চালালে ২৬টি মোষ উদ্ধার হয়। লরির চালক মোষ পরিবহণের কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারেনি। চালক সানিফ রেজাকে গ্রেপ্তার করে পুলিস। অপরদিকে, বুধবার রাতে একই এলাকায় পুলিসের অভিযানে পরপর দু’টি লরি আটক করে তল্লাশি চালালে একটি লরি থেকে ৪৬টি মোষ উদ্ধার হয়। অপরটি থেকে ১৭টি গোরু উদ্ধার হয়। এক চালক পালিয়ে গেলেও অপর লরির চালককে গ্রেপ্তার করেছে পুলিস। বিধাননগর তদন্ত কেন্দ্রের ওসি প্রীতম লামা বলেন, পাচার রুখতে অভিযান নিয়মিত চালবে।



