সংবাদদাতা, বোলপুর: আদিবাসী সংস্কৃতির ধারা বজায় রেখে বোলপুরের কাঁকুটিয়ায় একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে সগুন সোহরাই বা বাঁদনা উৎসব অনুষ্ঠিত হল শনিবার। এই উপলক্ষে এদিন স্কুলে সাজ সাজ রব ছিল। আদিবাসী প্রথা অনুযায়ী এদিন প্রথমে শিক্ষক-শিক্ষিকা ও গুরুজনদের বরণ করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে, শিক্ষক-পড়ুয়া সকলে সাঁওতালি নাচে মেতে ওঠেন। বাঁদনা পরব উপলক্ষ্যে এদিন বিশেষ খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল।
Advertisement
স্কুলের প্রধান শিক্ষক সুপ্রিয় সাধু বলেন, এই আবাসিক স্কুলে প্রায় ৪০০ আদিবাসী পড়ুয়া রয়েছে। স্কুলে পড়াশোনার পাশাপাশি নিজেদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত সম্পর্ক বজায় রাখতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলোয় এই স্কুল রাজ্যস্তর পর্যন্ত ছাপ ফেলেছে। তবে আদিবাসী স্কুল হওয়ায় তাদের প্রথা ও পরম্পরার আলাদা গুরুত্ব রয়েছে। তাই এই স্কুলে তাদের বিভিন্ন উৎসব উদযাপন করা হয়। -নিজস্ব চিত্র



