Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বৈধ ঘাটের সরকারি চালানেই অজয়, ময়ূরাক্ষীর বালি লুট মাফিয়াদের

বৈধ ঘাটের সরকারি চালানেই অজয়, ময়ূরাক্ষীর বালি লুট মাফিয়াদের
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: বৈধ ঘাটের সরকারি চালান দেখিয়েই অবৈধ ঘাটের বালি দেদারে পাচার চলছে। বীরভূমে বালি মাফিয়াদের কারসাজি ধরতে নাজেহাল পুলিস ও প্রশাসন।
Advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বালির বেআইনি কারবার রুখতে জেলা প্রশাসন লাগাতার অভিযান চালাচ্ছে। প্রতিদিন রাতের অন্ধকারে বিভিন্ন অবৈধ বালিঘাটে পুলিস ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা অভিযান চালাচ্ছেন। প্রায়দিনই বালিবোঝাই লরি, ডাম্পার, ট্রাক্টর ধরা পড়ছে। লক্ষাধিক টাকা জরিমানাও করা হচ্ছে। বালি কারবারিদের গ্রেপ্তারও করা হচ্ছে। কিন্তু তারপরও নতুন নতুন উপায়ে মাফিয়ারা বালি পাচার চালিয়ে যাচ্ছে।
ডিএসপি(ডিইবি) স্বপনকুমার চক্রবর্তী বলেন, নানা কৌশলে অবৈধ ঘাট থেকে বালি পাচারের চেষ্টা করছে কারবারিরা। কখনও তারা ধরা পড়ছে, আবার কখনও পড়ছে না। আমাদের অভিযান ও ধরপাকড় চলছে।
জেলা প্রশাসনের কয়েকজন আধিকারিক জানান, এখন অবৈধ বালিঘাটের বালি বৈধ ঘাটের সরকারি চালান দিয়ে অনায়াসে পাচার চলছে। অবৈধ ঘাট থেকে বালি তুলে পুলিস ও প্রশাসনের চোখে ধুলো দিয়ে নির্দিষ্ট এলাকা পেরোতে পারলেই কেল্লা ফতে। কারণ তারপরের রাস্তায় সরকারি চালান দেখিয়ে পুলিসের চোখের সামনে দিয়েই বালিবোঝাই গাড়ি চেকপয়েন্ট পেরোচ্ছে।
আবার কখনও দেখা যাচ্ছে, বৈধ ঘাটের পাশেই একটি ঘাট রয়েছে, যেখানে কোনও সরকারি লিজ দেওয়া হয়নি। সেই ঘাট থেকেও বৈধ ঘাটের মালিকদের অনেকে বালি তুলছেন। তারপর পাশের বৈধ ঘাটের চালান দেখিয়ে সেই বালি পুলিস ও প্রশাসনের চোখে ধুলো দিয়ে পাচার করা হচ্ছে। আবার অনেকসময় জেলার অন্য প্রান্তে কোনও বৈধ ঘাটের চালান দিয়ে একই রুটে থাকা অন্য অবৈধ ঘাটের বালি পাচার করা হচ্ছে। সেক্ষেত্রে বৈধ ঘাটের সীমানা অবধি রাস্তাটুকু পেরোতে পারলেই চিন্তা থাকছে না।
পুলিস জানিয়েছে, বর্ধমানের মঙ্গলকোট ঘাটের বৈধ চালান দেখিয়ে বোলপুরের জাহানাবাদ, ঘেরোপাড়ার অবৈধ ঘাটের বালি পাচার হচ্ছে। পুলিস এই রুটে বেশকিছু বালিবোঝাই গাড়ি আটকও করেছে। ইলামবাজারের জয়দেবের কাছে পায়ের মোড়েও কয়েকদিন আগে একটি গাড়ি ধরা পড়েছে। ওই গাড়িতেও মঙ্গলকোটের একটি ঘাটের চালান পাওয়া যায়। সিউড়ির খটঙ্গার একটি অবৈধ ঘাটের বালিবোঝাই গাড়ি আটকে পুলিস দেখে, সেই গাড়িতে খয়রাশোলের একটি ঘাটের চালান রয়েছে। এসব গাড়ি আটকে এক লক্ষ টাকা করে জরিমানা করেছে প্রশাসন। - প্রতীকী চিত্র
সম্পর্কিত সংবাদ