সংবাদদাতা, করণদিঘি: বাবার বকুনির জেরে অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ছেলে। ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার আলতাপুর ২ পঞ্চায়েতের বালিয়া গ্ৰামে। মৃত কিশোরের রয়স ১৬ বছর। বাবা হযরত আলি বলেন, সোমবার বিকেলে ছেলেকে বাড়িতে একটু কাজের কথা বলছিলাম। সেই নিয়ে একটু বকাবকি করি। রাতে একসঙ্গে সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মঙ্গলবার সকালে ছেলেকে ঘুম থেকে ওঠার জন্য ডাকাডাকি করার পরেও ওঠেনি। এরপর আমি কাজে চলে যাই। দুপুরে কাজ থেকে ফিরে এসে দেখি ঘরের দরজা তখনও বন্ধ। তারপর জানালার ফাঁক দিয়ে দেখি ছেলে ঝুলন্ত অবস্থায় আছে। করণদিঘি থানার পুলিস জানিয়েছে, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।



