প্যারিস: দাপুটে জয় দিয়ে নতুন মরশুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু পিএসজি’র। বুধবার ঘরের মাঠে আটালান্টাকে চার গোলের মালা পরাল লুই এনরিকে ব্রিগেড। ম্যাচে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে মার্কুইনহোস, খাভিচা ভারাৎখেলিয়া, নুনো মেন্ডিজ ও গনসালো র্যামোস। উল্লেখ্য, এদিন চোটের কারণে দলে ছিলেন না ডেম্বেলে ও ডিসেরে ডুয়ে। তা সত্ত্বেও জয় পেতে খুব একটা সমস্যা হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ফরাসি ক্লাবটি। প্রাপ্ত সুযোগ কাজে লাগালে জয়ের ব্যবধান আরও বাড়াতে পারত পিএসজি।
দিনের অপর ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে শেষলগ্নের গোলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল লিভারপুল। বুধবার ঘরের মাঠে ৩-২ ব্যবধানে জিতল আর্নে স্লটের ছেলেরা। ম্যাচের শুরুতেই দু’গোলে লিড নেয় ‘দ্য রেডস’। এক মিনিটের ব্যবধানে স্কোরশিটে নাম তোলেন অ্যান্ড্রু রবার্টসন ও মহম্মদ সালাহ। তবে সেই ধাক্কা সামলে মার্কোস লরেন্তের জোড়া গোলে ম্যাচে সমতায় ফেরে আতলেতিকো। এই পর্বে মনে হয়েছিল, শুরুতেই পয়েন্ট খোয়াবে প্রিমিয়ার লিগের ক্লাবটি। তবে ম্যাচের সংযোজিত সময়ে ভার্জিল ফন ডিকের দুরন্ত গোলে জয় ছিনিয়ে নেয় লিভারপুল। আর ম্যাচ হেরে প্রতিপক্ষ সমর্থকদের সঙ্গে ঝামেলায় জড়ান আতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনে। এমনকী, লিভারপুল সমর্থকদের উদ্দেশে থুতু ছেটাতে দেখা যায় তাঁর সহকারীকে। এই নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে উয়েফা। বড়সড় শাস্তির মুখে পড়তে পারেন আতলেতিকোর সহকারী কোচ।
জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করল বার্য়ান মিউনিখ। বুধবার ঘরের মাঠে চেলসিকে ৩-১ গোলে হারাল জার্মান চ্যাম্পিয়নরা। ম্যাচে জোড়া গোলে জয়ের নায়ক হ্যারি কেন। বায়ার্নের অপর গোলটি ট্রেভো চালোভার আত্মঘাতী। চেলসির একমাত্র গোলদাতা কোল পামার। পাশাপাশি সহজ জয় পেল ইন্তার মিলান। অ্যাওয়ে ম্যাচে আয়াখসকে ২-০ গোলে হারায় ইতালিয়ান ক্লাবটি। জোড়া লক্ষ্যভেদ মার্কাস থুরামের।



