বিশাখাপত্তনম: দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে শোচনীয় পরাজয়ে মুখ পুড়েছিল গৌতম গম্ভীরের। ওয়ান ডে সিরিজে মধুর প্রতিশোধ নিয়ে ভারতীয় কোচের মুখে চওড়া হাসি। তবুও সাংবাদিক সম্মেলনে তাঁকে সামাল দিতে হল একের পর বাউন্সার। প্রতি ম্যাচে দলের ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে উঠল প্রশ্ন। কিন্তু একরোখা ‘গৌতি’ নিজের অবস্থানে অটল। জানিয়ে দিলেন, ভবিষ্যতেও পরীক্ষা নীরিক্ষার ধারা জারি রাখবেন তিনি। পাশাপাশি ওয়াশিংটন সুন্দরের প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ গম্ভীর।
ঋতুরাজ গায়কোয়াড়কে দলে নেওয়া হয়েছিল ওপেনার হিসেবে। কিন্তু সদ্যসমাপ্ত একদিনের সিরিজে চার নম্বরে ব্যাট করেছেন তিনি। জায়গা বদল হয়েছে অধিনায়ক কেএল রাহুলেরও। তবে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে সুন্দরকে। কখনও তিনে তো কখনও পাঁচে, আবার কখনও আট নম্বরে ব্যাট করতে হয়েছে তাঁকে। এই প্রসঙ্গে গম্ভীরের ব্যাখ্যা, ‘সাদা বলের ক্রিকেটে ব্যাটিংয়ের নিরন্তর গভীর মূল্যায়ন জরুরি। আমি সেটা চালিয়ে যাব। আর দলে এমন একজনকে চাইছি যে কঠিন পরিস্থিতিতেও হাসিমুখে তা মোকাবিলা করতে পারবে। আর সেই ভূমিকায় ওয়াশিংটন সুপার হিট। ইংল্যান্ড সফরে ম্যাঞ্চেস্টার টেস্টে সেঞ্চুরির পর ওভালে ৫০ রানের ইনিংসটা ভোলার নয়। ওর ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। তাই আমরা ওয়াশিকে সবসময় নজরে রাখছি।’