সংবাদদাতা, বারুইপুর: প্রায় সাত কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠল বারুইপুর পুরসভার বিরুদ্ধে। পুরসভার মোট ৪২টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ১৭টি অ্যাকাউন্টে আর্থিক গরমিল রয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। বারুইপুর পুলিশ জেলা সুপারের অফিসে এবং বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী। তিনি বলেন, অভিযোগে নির্দিষ্টভাবে বলা নেই, কোথায় কোন খাতে গরমিল হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে, শাস্তি মাথা পেতে নেব।
বৃহস্পতিবার বারুইপুরে এসে বিজেপির নেতা অভিজিৎ দাস দাবি জানিয়ে বলেন, এই আর্থিক অনিয়মের সঙ্গে বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস এবং চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী সরাসরি জড়িত। কী করে ভাইস চেয়ারম্যান গৌতম দাস কয়েকশো কোটি টাকার মালিক হলেন সেই প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে অবিলম্বে বারুইপুর পুরসভায় প্রশাসক নিয়োগের দাবিও জানিয়েছেন তিনি। একই দাবি জানান বিজেপির রাজ্য কমিটির সদস্য উত্তম কর।
পাশাপাশি রাজ্যের পুরমন্ত্রীর কাছে বিষয়টি নিয়ে ডিপার্টমেন্টাল তদন্তের দাবিও জানিয়েছেন ওই বিজেপি নেতা। এই প্রসঙ্গেও চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী বলেন, পুর ও নগরোন্নয়ন দপ্তরের তদন্তেও কোনো আপত্তি নেই।