সংবাদদাতা, বারুইপুর: সাড়ে ছ’মাসের মধ্যে চরম আর্থিক অসচ্ছলতার কারণে পুরসভার কাজকর্ম চালানো দায় হয়ে উঠেছে। কর্মচারীদের বেতন দেওয়া, রাস্তাঘাটের সংস্কার কাজ ও প্রশাসনিক কাজকর্ম চালাতে হিমশিম খেতে হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ডকে। এমনকি, মিথ্যা মামলায় জর্জরিত তৃণমূলের কাউন্সিলাররা এমন অভিযোগ এনে মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন বারুইপুর পুরসভার চেয়ারম্যান। শীঘ্র বারুইপুর মহকুমা শাসকের কাছে ইস্তফা পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলাররা ছিলেন। চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী বলেন, ১৯৯৫ সাল থেকে বোর্ড পরিচালনা করছি। কিন্তু গত সাড়ে ছ’মাস ধরে আর্থিক কারণে প্রতি মাসে কর্মচারীদের বেতন দিতে, রাস্তাঘাট এবং প্রশাসনের কাজকর্ম চালাতে বাধ্য হয়ে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। ভাইস চেয়ারম্যান গৌতম দাস বলেন, মেয়াদ শেষ হওয়ার আগেই বোর্ড ভাঙতে হচ্ছে। তিনমাসের জন্য পুর প্রশাসক বসবে। আর্থিক সংকটের জন্য অসুবিধায় পড়তে হচ্ছে। তিনি বলেন, সিআইডি থেকে শুরু করে যে কোনো তদন্ত হোক। আমাদের অডিট রিপোর্ট, ক্যাগ রিপোর্ট সব ঠিক আছে। বোর্ডের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলার সকলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এই বিষয়ে বোর্ডের তরফে আলোচনা করা হয়। আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে অর্থাৎ নভেম্বর মাসের শেষ থেকে পদত্যাগ করা হবে। স্থানীয় বিধায়ককেও তা জানানো হয়েছে ।
কাউন্সিলার মোজাফ্ফর আহমেদ বলেন, প্রশাসনিক ভাবে বিধ্বস্ত আমরা। তাই সিদ্ধান্ত। প্রসঙ্গত, বারুইপুর পুরসভায় ১৭ জন কাউন্সিলার। এর মধ্যে এদিন চারজন মহিলা কাউন্সিলারের অনুপস্থিতি ঘিরে জল্পনা তৈরি হয়। যদিও পুরসভা কর্তৃপক্ষ বলেন, তিনজন নিজেদের কাজে ও অসুস্থতায় আসতে পারেননি।



