সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরে তৃণমূলের যুব সভাপতি দ্বিজেন মণ্ডলের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের তীব্রতায় খাট থেকে পড়ে যান প্রতিবেশী এক বৃদ্ধ। ক্ষতি হয়েছে তাঁর বাড়িটিও। ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, তৃণমূল নেতার উলটোদিকেই বাড়ি সোমনাথ রায় নামের ওই বৃদ্ধের। বিস্ফোরণের তীব্রতায় তাঁর বাড়িতে থাকা বিভিন্ন গাছ পুড়ে যায়। ঘরের মেঝেতেও ফাটল দেখা দিয়েছে। তিনি বলেন, এতটাই বিকট আওয়াজ হয়েছিল যে, আমি ঘুমন্ত অবস্থায় খাট থেকে পড়ে যাই। খানিক বাদে উঠে দেখি জানালার কাচ ভাঙা। গোটা বাড়িই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আতঙ্কে বাইরে বেরিয়ে দেখি দ্বিজেনের বাড়িতে আগুনে জ্বলছে। আমরা চাই, প্রশাসন এই ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করুক। এদিকে, এলাকাবাসীর কথায়, ওই তৃণমূল নেতার ভালো দাপট ছিল এলাকায়। তোলাবাজির প্রচুর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।



