নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে দ্রুত তদন্ত শেষ করতে বলল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে গোটা ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতেও নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার আদালত জানিয়েছে, ওই ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতে হবে। তিন সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি। তার মধ্যে তদন্তপ্রক্রিয়া শেষ করার চেষ্টা করতে হবে। বারুইপুর এনকাউন্টারের ঘটনায় তদন্ত করছে সিআইডি। ইতিমধ্যে সিসিটিভি সংরক্ষণ করা হয়েছে বলে আদালতে জানায় রাজ্য। গত জুলাইয়ে বারুইপুরের সূর্যপূরে নাবালিকার দেহ উদ্ধার হয় পুকুরে। ঘটনায় প্রভাস মণ্ডল, দিবাকর সর্দার, আনন্দ সর্দার এবং কবীর মোল্লাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ৭ জুলাই এনকাউন্টারে প্রভাসের মৃত্যু হয়।



