নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেঙ্গল সুপার লিগে জয়ে ফিরল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে উত্তর ২৪ পরগনা এফসি’কে ৩-২ গোলে হারাল হোসে রামিরেজ ব্যারেটোর ছেলেরা। বিজয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে সাহিল হরিজন, কাঙ্গা উইলিয়াম ও পাওলো সিজার। উত্তর ২৪ পরগনা এফসি’র হয়ে ব্যবধান কমান কুইন্টানা ওর্তুজার ও অঙ্কন ভট্টাচার্য। এই জয়ের সুবাদে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠে এল হাওড়া-হুগলির ফ্র্যাঞ্চাইজি দলটি। আর হেরে পঞ্চম স্থানেই রইল লালকমল ভৌমিক ও গৌতম ঘোষের দল। উল্লেখ্য, গত ম্যাচে সুন্দরবন বেঙ্গল অটো এফসি’র কাছে ১-২ ব্যবধানে হারতে হয়েছিল ব্যারেটো-ব্রিগেডকে। সেই ধাক্কা সামলে বড়দিনে দল জয়ে ফেরায় খুশি প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা। উল্লেখ্য, নৈহাটি স্টেডিয়ামেও উত্তর ২৪ পরগনাকে বশ মানিয়েছিল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স।



