Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

২০ দিন পর চালু বারাকপুর মাতৃসদনের আউটডোর

কুড়ি দিন বন্ধ থাকার পর বারাকপুরের বিরাজমোহিনী মাতৃসদনের আউটডোর চালু হল বৃহস্পতিবার। এরপর ধীরে ধীরে সমস্ত বিভাগই চালু হবে বলে জানানো হয়েছে

২০ দিন পর চালু বারাকপুর মাতৃসদনের আউটডোর
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কুড়ি দিন বন্ধ থাকার পর বারাকপুরের বিরাজমোহিনী মাতৃসদনের আউটডোর চালু হল বৃহস্পতিবার। এরপর ধীরে ধীরে সমস্ত বিভাগই চালু হবে বলে জানানো হয়েছে। বহু বছর ধরে এই মাতৃসদনের মাধ্যমে বারাকপুরের বহু মানুষ চিকিৎসা পেয়ে থাকেন। সম্প্রতি ওই হাসপাতালে হানা দিয়েছিলেন বিজেপি নেতৃত্ব। তাঁরা দেখেন, সেখানে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন এবং ওষুধ রয়েছে। অগ্নি নির্বাপণের কোনো ব্যবস্থা নেই। হাসপাতালে পরিষেবার অনেক অভাব রয়েছে, অথচ বিশ্রাম নেওয়ার জন্য সুন্দর একটি ঘর রয়েছে। এইসব বিষয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতৃত্ব। সমস্ত অনিয়ম এবং অভিযোগ বারাকপুর মহকুমা প্রশাসনকে জানানো হয়। এরপর বারাকপুর মহকুমা প্রশাসনের নির্দেশে ১৩ আগস্ট মাতৃসদনটি বন্ধ করে দেওয়া হয়। এদিকে, মাতৃসদন বন্ধ করার প্রতিবাদে সিপিএম বিক্ষোভ দেখায়। বিজেপি এবং সিপিএমের মধ্যে মাতৃসদনের গেটে তর্কযুদ্ধ চলে। অবশেষে এদিন বহির্বিভাগ চালু করলেন বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচি। তিনি বলেন, এই হাসপাতালের মাধ্যমে বহু মানুষ চিকিৎসা পেয়েছে। পুরসভা হাসপাতাল পরিচালনা করার দায়িত্ব রয়েছে। তবে বর্তমানে নানা ধরনের অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ রয়েছে হাসপাতালকে ঘিরে। আমরা সমস্ত দুর্নীতির তদন্তের দাবি জানিয়েছি। সেই কারণে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছিল। আলাপ-আলোচনার মাধ্যমে বহির্বিভাগ চালু হল। আস্তে আস্তে প্রতিটি বিভাগই চালু হয়ে যাবে। বারাকপুর পুর কর্তৃপক্ষের ত্রুটি এবং অনিয়মের জন্যই হাসপাতালটির এই অবস্থা। সেই বিষয়টি আমরা খতিয়ে দেখতে বলেছি। কিছুদিনের মধ্যেই নব কলেবরে এই মাতৃসদন আবার চালু হবে বলে বিধায়ক জানিয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ