নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যেসব চিকিৎসা উপকরণ একবার মাত্র ব্যবহার করেই নষ্ট করে ফেলার কথা, সেগুলি পূনরায় ব্যবহার করলে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। সব রাজ্যকে এমনই নির্দেশিকা পাঠাল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কাছে রিপোর্ট এসেছে, দেশজুড়ে সরকারি এবং বেসরকারি হাসপাতাল কিংবা রোগনির্ণয় কেন্দ্র অথবা ক্লিনিকে কার্ডিওলজি, নেফ্রোলজি, অঙ্কোলজি, কার্ডিওথোরাসিক, ভাসকুলার সার্জারি, নিউরো সার্জারির জন্য যে ‘ইউজ অ্যান্ড থ্রো’ উপকরণ, যন্ত্রাংশ ব্যবহার করা হয় সেগুলি একাধিকবার ব্যবহার করা হচ্ছে।
শুধু তাই নয়, উপকরণের দামও প্রত্যেকবার বিল করে দেওয়া হচ্ছে। নগদ অথবা স্বাস্থ্যবিমা—উভয় ক্ষেত্রেই এই বিলই দিতে হচ্ছে রোগীকে। ফলে একদিকে যেমন আর্থিক প্রতারণা হচ্ছে, তেমনই আবার সংক্রমণের আশঙ্কা বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বলেছে, কার্ডিয়াক ক্যাথিটার, বেলুন, ডায়ালিসিস উপকরণ, সার্জারির স্টেপলার, সিরিঞ্জ প্রত্যেকটি উপকরণ একবার ব্যবহার করে ফেলে দেওয়ার কথা। অথচ এগুলি পুনর্ব্যবহার করা হচ্ছে। এই প্রবণতা বন্ধ করতে হবে। আইন প্রয়োগ করতে হবে। হেপাটাইটিস বি, সি, এইচআইভি, ব্যাকটেরিয়ার সংক্রমণ ইত্যাদি নানাবিধ রোগের প্রাদুর্ভাব বাড়ছে হাসপাতালে ভর্তি হওয়ার পরই। কারণ ওই চিকিৎসা উপকরণ ফেলে না দিয়ে আবার ব্যবহার করা। রাজ্যগুলিকে বলা হয়েছে, এমন নয় যে, বেসরকারি হাসপাতালেই এসব ঘটছে। সরকারি স্বাস্থ্য ব্যবস্থাতেও এই একই প্রবণতার রিপোর্ট পাওয়া যাচ্ছে।



