ওভিয়েদো: লা লিগায় ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও ওভিয়েদোকে ৩-১ ব্যবধানে হারাল কাতালন ক্লাবটি। এবার সেরা লিগে উত্তীর্ণ হওয়া ক্লাবটি ৩৩ মিনিটেই লিড নেয়। গোলদাতা আলবার্তো রেইনা। তবে দ্বিতীয়ার্ধে লড়াইয়ে ফেরে হ্যান্স ফ্লিক-ব্রিগেড। ৫৬ মিনিটে বার্সাকে সমতায় ফেরান এরিক গার্সিয়া। এরপর ৭০ মিনিটে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন রবার্ট লিওয়ানডস্কি। আর ৮৮ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পোঁতেন রোনাল্ড আরাহু। এই জয়ের সুবাদে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। এদিকে, শনিবার লা লিগায় মাদ্রিদ ডার্বি। অ্যাওয়ে ম্যাচে আতলেতিকোর মুখোমুখি হবে রিয়াল। ছয় ম্যাচে সবক’টি জিতে শীর্ষে আলোন্সোর দল। তবে আতলেতিকো ধুঁকছে। ছয় ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে তারা।



