বার্সেলোনা: মরশুমের শুরুতেই ট্রফি জয়ের স্বাদ পেল বার্সেলোনা। রবিবার জোহান ক্রুয়েফ নামাঙ্কিত স্টেডিয়ামে ইতালিয়ান ক্লাব কোমোকে পাঁচ গোলের মালা পরাল হান্স ফ্লিকের ছেলেরা। আর সেই সুবাদে হুয়ান গাম্পার ট্রফি পুনরুদ্ধার করল কাতালন ক্লাবটি। উল্লেখ্য, গতবার মোনাকোর কাছে হেরে এই খেতাব হাতছাড়া হয়েছিল তাদের। তবে এবার সহজ জয়ে ৪৭তম হুয়ান গাম্পার ট্রফি জিতল তারা। ম্যাচে জোড়া গোল যথাক্রমে ফারমিন লোপেজ ও লামিনে ইয়ামালের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন রাফিনহা।
আগামী ১৬ আগস্ট মায়োরকার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে নতুন মরশুমের লা লিগা অভিযান শুরু করবে বার্সেলোনা। তার আগে এই জয় অবশ্যই ফুটবলারদের মনোবল বাড়াবে। এদিন দু’অর্ধে ভিন্ন দু’টি দল খেলান বার্সা কোচ ফ্লিক। একমাত্র গোলরক্ষক ছাড়া দ্বিতীয়ার্ধে সব পজিশনেই বদল এনে রিজার্ভ বেঞ্চ পরখ করে নেন তিনি। চোটের কারণে এদিন দলে ছিলেন না রবার্ট লিওয়ানডস্কি। তাঁর অনুপস্থিতিতে আপফ্রন্টে শুরু করেন মার্কাস র্যাশফোর্ড। বার্সেলোনা জার্সিতে প্রথমবার শুরু থেকে মাঠে নামলেও, দাগ কাটতে ব্যর্থ তিনি।



