Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ জিতলেই লা লিগা চ্যাম্পিয়ন বার্সা

মর্যাদার এল ক্লাসিকো জিতে লিগ খেতাব পাওয়ার পথে এক পা বাড়িয়ে রেখেছে বার্সেলোনা

আজ জিতলেই লা লিগা চ্যাম্পিয়ন বার্সা
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: মর্যাদার এল ক্লাসিকো জিতে লিগ খেতাব পাওয়ার পথে এক পা বাড়িয়ে রেখেছে বার্সেলোনা। বৃহস্পতিবার কাতালন ডার্বিতে এস্প্যানিয়লকে হারাতে পারলেই শিরোপা নিশ্চিত করবে হান্স ফ্লিকের ছেলেরা। বর্তমানে ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে  লিওয়ানডস্কিরা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের (৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট) চেয়ে আপাতত ৭ পয়েন্টে এগিয়ে তাঁরা। বুধবার মধ্য রাতে মায়োরকার বিরুদ্ধে লড়াইয়ে নামবেন এমবাপেরা। সেই ম্যাচে রিয়াল পয়েন্ট খোয়ালেই লিগ খেতাব নিশ্চিত হবে বার্সার। তবে অন্যের দিকে না তাকিয়ে অ্যাওয়ে ম্যাচ জিতে প্রথম লা লিগা শিরোপা জয়ের স্বাদ পেতে চান কোচ হান্স ফ্লিক।

Advertisement

চলতি মরশুমে ইতিমধ্যেই স্প্যানিশ সুপার কাপ ও কোপা ডেল রে জিতেছে বার্সা। সুযোগ ছিল ত্রিমুকুট জয়েরও। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ইন্তার মিলানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় রাফিনহাদের। সেই ব্যর্থতা ভুলে গত ম্যাচে দুরন্ত লড়াই মেলে ধরে বার্সা। রিয়ালের বিরুদ্ধে শুরুতে দু’গোলে পিছিয়ে পড়েও ৪-৩ গোলে জয় তুলে নেয় তারা। বৃহস্পতিবার এস্প্যানিয়লের বিরুদ্ধে অবশ্য দলে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন বার্সা কোচ। গোলে শুরু করতে পারেন মার্ক আন্দ্রে টার স্টেগেন। এছাড়া মরশুমের শেষ পর্যায়ে তরুণ ফুটবলারদের আরও বেশি করে সুযোগ দিতে চান কোচ ফ্লিক। সেক্ষেত্রে প্রথম একাদশে আসতে পারেন গাবি, ফোর্ট, ফারমিন লোপেজরা। প্রথম লেগে এস্প্যানিয়লের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছিল বার্সা। জোড়া গোল ছিল ড্যানি ওলমোর। ফিরতি লেগেও এই স্প্যানিশ মিডিওর দিকে নজর থাকবে।
 ম্যাচ শুরু রাত ১টায়। 
সরাসরি সম্প্রচার ফ্যানকোড অ্যাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ