Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

হুঁশ নেই বারাসত পুরসভার, বাধ্য হয়ে রাস্তা ভরাট টোটোচালকদের

বারাসতের নবপল্লি সার্কুলার রোডের গর্ত ভরাটে নেমে পড়লেন টোটোচালকরা। প্রশাসনের অবহেলায় নাগরিকদের উদ্যোগ। বিস্তারিত পড়ুন।

হুঁশ নেই বারাসত পুরসভার, বাধ্য  হয়ে রাস্তা ভরাট টোটোচালকদের
  • ২৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রশাসনের উপর ভরসা আর নেই। তাই নিজেদের উদ্যোগেই রাস্তার গর্ত ভরাটে নেমে পড়লেন টোটোচালকরা। বারাসতের নবপল্লি সার্কুলার রোডের বেহাল দশা নিয়ে দীর্ঘদিন অভিযোগ উঠলেও কোনো স্থায়ী সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, বারাসতের কলোনি মোড় থেকে নবপল্লি সার্কুলার রোডের একাধিক অংশে পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও রাস্তার খোয়া বেরিয়ে এসেছে। কোথাও আবার বৃষ্টির জলে গর্ত আরও গভীর হয়েছে। রোজই ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে মানুষকে।

Advertisement

এতে সমস্যায় পড়ছেন অটো ও টোটোচালকরা। এই রাস্তায় চলাচল করতে গিয়ে প্রায়ই গাড়ির ক্ষতি হচ্ছে। দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। অভিযোগ, বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কাজ হয়নি। বর্তমানে বারাসত পুরসভায় নির্বাচিত বোর্ডও নেই। প্রশাসকের অধীনেই চলছে পুরসভা। সেই কারণেই উন্নয়নের কাজ কার্যত শিকেয় উঠেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের একাংশের। ফলে শেষ পর্যন্ত রবিবার অটো ও টোটোচালকরাই রাস্তার বড় বড় গর্তে পাথর, খোয়া ও নির্মাণসামগ্রী ফেলে তা সাময়িকভাবে চলাচলের উপযোগী করার উদ্যোগ নিলেন। তাঁদের বক্তব্য, প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। প্রশাসন কবে মেরামত করবে, সে জন্য অপেক্ষা করলে দুর্ঘটনা ঘটতে পারে।
আর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নাগরিক পরিষেবা দেওয়ার দায়িত্ব প্রশাসনের। অথচ সেই কাজ করতে হচ্ছে নাগরিকদেরই। এক টোটোচালক রাধ্যেশ্যাম সাহার বক্তব্য, রাস্তার বেহাল অবস্থার জন্য যাত্রী তুলতেও সমস্যা হচ্ছে। তাই শুধু নিজেদের স্বার্থেই নয়, সবার জন্য এই উদ্যোগ। রবিবার নিজেদের কাজ বন্ধ করে টোটোতে করে ইট ও অনান্য সামগ্রী এনে গর্তগুলি ভরাট করলাম।

Advertisement
সম্পর্কিত সংবাদ