সংবাদদাতা, চন্দননগর: চন্দননগরে ঐতিহ্যকে ধরে রেখেই ঘটা করে চলছে জগদ্ধাত্রী পুজো। অন্যদিকে, বাঁশবেড়িয়া কার্তিক পুজোর ঐতিহ্যকেও সমানতালে ধরে রেখেছে। হুগলির ইতিহাসে বাঁশবেড়িয়ার কার্তিক পুজো এক অনন্য জায়গা দখল করে রয়েছে।
বাঁশবেড়িয়ায় কার্তিক সংক্রান্তিতে কার্তিক পুজোর পাশাপাশি সমস্ত দেবদেবীর আরাধনা হয়। এই রীতি বহু যুগ ধরে চলে আসছে। মণ্ডপে সন্তোষী মা, তারা মা, গণেশ সহ বিভিন্ন দেবদেবীর পুজো হয় এখানে। সময়ের সঙ্গে পুজোর গায়ে লেগেছে থিমের বাহার, এসেছে আলোকসজ্জার অনবদ্য ঝলক। কিন্তু সুদূর কাল থেকেই রয়ে গিয়েছে নানা আকারের, অদ্ভুত নামের কার্তিক পুজোর রেওয়াজ। এই এলাকায় জামাই, রাজা কার্তিক সহ একাধিক নামে পরিচিত দেব সেনাপতি। বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো বহু প্রাচীন। অতীতে বংশবাটি বা বাঁশবেড়িয়া সপ্তগ্ৰামের একটি গ্ৰাম ছিল, যা আজও বর্তমান। সপ্তগ্ৰাম ছিল বন্দরনগরী, বাণিজ্য কেন্দ্র। এই বাণিজ্যের কথা জানা যায় ‘চণ্ডীমঙ্গল’ কাব্যেও। চণ্ডীমঙ্গলে ষোড়শ বেনে বা বণিকের উল্লেখ রয়েছে। বাঁশবেড়িয়ার কার্তিক পুজো সেই বণিক সম্প্রদায়ের লোকজনই প্রতিষ্ঠা করেছিল।
কথিত আছে, জমিদার জয়নারায়ণ পাল, শ্যাম পাল ও লক্ষ্মীনারায়ণ পাল ছিলেন নিঃসন্তান। ১৮৫৩ সালে এক রাতে জয়নারায়ণ পাল স্বপ্নে আদেশ পান, তাঁরা তিন ভাই কার্তিক পুজো করলে তাঁদের সন্তান হবে। তাই তাঁরা তিন ভাই মিলে ঘটা করে কার্তিক মন্দির তৈরি করে একসঙ্গে তিন কার্তিকের পুজো শুরু করেন। নামে কার্তিক পুজো হলেও বহু দেবদেবীর পুজো হয় এখানে। বাঁশবেড়িয়ার বিখ্যাত কার্তিকগুলি হলরাজা কার্তিক, ধুমো কার্তিক, জ্যাংড়া কার্তিক, আদি কার্তিক ইত্যাদি। বারোয়াড়ি কার্তিক পুজোগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, সাহাগঞ্জ নতুন পোস্ট অফিসের কাছে ‘রাজা কার্তিক পুজো’। প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম হল এই পুজো। ৩৮০ বছরে পদার্পণ করেছে এই পুজো। বাঁশবেড়িয়া প্রতাপ সংঘের পুজোর এবার ৪৯ তম বর্ষ। এখানে সন্তোষী দেবীর পুজো হয়। ধোপাঘাট যুবকবৃন্দের কার্তিক পুজোর বয়স প্রায় ২৫০ বছর। কল্যাণী থেকে বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো দিতে এসেছেন প্রবীরকুমার ঢালি। তিনি বলেন, বাঁশবেড়িয়ার বিখ্যাত কার্তিক পুজোতে অঞ্জলি দেওয়ার ইচ্ছা। তাই কল্যাণী থেকে এখানে আসা। প্রতি বছর এই সময় প্রবীরবাবুর মত অনেকেই প্রতিমা দর্শনের জন্য বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে।



