নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নিষিদ্ধ কাফ সিরাপ পাচারে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। দিন কয়েক আগেই নিউটাউনে ৩১ কোটি টাকার নিষিদ্ধ কাফ সিরাপের উপর রোড রোলার চালিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার মাদক পাচার রুখতে বড়ো ধরনের সাফল্য পেল বাগুইআটি থানা। একটি গোডাউন থেকে প্রায় এক কোটি টাকার নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। সে,গুলি পাচারের জন্যই মজুত করা হয়েছিল বলে অনুমান পুলিশের। তবে, এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। কে বা কারা তা মজুত করেছিল, কোথা থেকে এসেছিল, কোথায় যাচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। চক্রের মাথাদেরও খোঁজ চলছে।
গত ২৩ সেপ্টেম্বর নিউটাউনে ‘নেশামুক্ত ভারত’ কর্মসূচির আয়োজন করেছিল বিধাননগর কমিশনারেট। সেখানে ৩ লক্ষ ১০ হাজার বোতল নিষিদ্ধ কাপ সিরাপ নিয়ে আসা হয়েছিল। মুখ্যমন্ত্রী নিজে রোড রোলার চালিয়ে সেগুলি নষ্ট করেছিলেন। প্রসঙ্গত, এর আগে বাঘুরঘাটে ২০ কোটি টাকার দু’লক্ষ কাপ সিরাপের বোতল নষ্ট করা হয়েছিল। এ নিয়ে দ্বিতীয়বার বড়ো অভিযান হল। ওই দিনের মঞ্চ থেকে নেশামুক্ত পশ্চিমবঙ্গ গড়ার শপথ নেওয়ার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, বাংলাদেশে এই ধরনের নিষিদ্ধ কাফ সিরাপ পাচার হয়। কোটি কোটি টাকার কারবার চলে। দু’দেশের সীমান্তে চোরাকারবারিরা এই পাচারে যুক্ত। পাচার রুখতে এখন কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে বিএসএফ, এসটিএফ, পুলিশ, জিআরপি সবাই সমন্বয় রেখে কাজ করছে। ফলে, সাফল্যও আসছে বেশি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিষিদ্ধ কাফ সিরাপ মজুত করা হয়েছে বলে পুলিশের কাছে খবর আসে। তারপর শনিবার বাগুইআটি থানার একটি টিম নারায়ণতলা পশ্চিমপাড়ায় হানা দেয়। সেখানে একটি গোডাউন থেকে উদ্ধার হয় নিষিদ্ধ কাফ সিরাপের বিপুল ভাণ্ডার। বড়ো বড়ো কার্টনে সিল করা অবস্থায় সেগুলি রাখা ছিল। সংখ্যায় কমবেশি ৩৫ হাজার বোতল। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বাজেয়াপ্ত হওয়া ওই কাফ সিরাপের বাজারদর এক কোটি টাকার বেশি। তদন্ত শুরু হয়েছে। এই চক্রে কারা কারা যুক্ত, তাদের খোঁজ চলছে। শীঘ্রই গ্রেপ্তার করা হবে।