Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে অভিযোগ, নিকাশি নালা পাচ্ছে বাঁকুড়া

সংস্কারের অভাবে বাঁকুড়া শহরের নিকাশি নালাগুলি বেহাল হয়ে পড়েছিল। বেশকিছু জায়গায় নালা না থাকায় রাস্তার উপর দিয়ে জল নিকাশি হচ্ছিল। রাস্তার ক্ষতি হচ্ছিল। পাশাপাশি বাসিন্দারাও নাজেহাল হচ্ছিলেন।

‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে অভিযোগ,  নিকাশি নালা পাচ্ছে বাঁকুড়া
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: সংস্কারের অভাবে বাঁকুড়া শহরের নিকাশি নালাগুলি বেহাল হয়ে পড়েছিল। বেশকিছু জায়গায় নালা না থাকায় রাস্তার উপর দিয়ে জল নিকাশি হচ্ছিল। রাস্তার ক্ষতি হচ্ছিল। পাশাপাশি বাসিন্দারাও নাজেহাল হচ্ছিলেন। এই পরিস্থিতিতে বাঁকুড়ার বাসিন্দারা ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে ফোন করে সমস্যার কথা জানিয়েছিলেন। তারপর রাজ্য সরকার বাঁকুড়া শহরের নিকাশি নালা নির্মাণের জন্য টাকা বরাদ্দ করে। প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা খরচ করে শহরে নিকাশি নালা তৈরির কাজ শুরু হয়েছে। মজে যাওয়া নালাগুলিকে সংস্কার করা হবে বলেও পুর কর্তৃপক্ষ জানিয়েছে।

Advertisement

বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকা সেনমজুমদার বলেন, শহরের নিকাশি সমস্যার কথা জানিয়ে বাসিন্দারা ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে ফোন করেছিলেন। তারপর রাজ্য সরকার টাকা বরাদ্দ করে। পুর দপ্তরের বরাদ্দকৃত টাকা আমরা পেয়েছি। ওই টাকায় কাজ শুরু হয়েছে।
পুরসভা ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরের সার্কিট হাউস মোড় সংলগ্ন এলাকায় নিকাশি নালা বেহাল হয়ে পড়েছিল। ওই এলাকায় জল নিকাশির কোনও ব্যবস্থা ছিল না। তারফলে তারাগতি সামন্ত রোডের উপর দিয়ে জল বয়ে যেত। সেই কারণে ওই রাস্তা বেহাল হয়ে পড়েছে। খানাখন্দে ভরা ওই রাস্তায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছিল। রাস্তার দু’পাশে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের একাধিক অফিস, সার্কিট হাউস ও জেলা আদালতের বিচারকদের বাংলো রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ ওই রাস্তা সংস্কারের দাবি উঠছিল। রাস্তার দু’পাশে ১৮০০মিটার লম্বা নালা করার জন্য দেড় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এরফলে শহরের ২২ ও ২৪নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা উপকৃত হবেন। ওই দুই ওয়ার্ডের জল যাতে রেলের নয়ানজুলিতে গিয়ে পড়ে, তারজন্য পৃথক নালার প্রয়োজন। ওই নালা নির্মাণের জন্য আলাদা করে ১৯লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। লাগোয়া ১৫নম্বর ওয়ার্ডের জল নিকাশির জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগ সংলগ্ন এলাকায় নালা নির্মাণের জন্য ৩৯লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। ১৭নম্বর ওয়ার্ডেও ২২লক্ষ টাকা ব্যয়ে নিকাশি নালা তৈরি করা হবে।
পুরসভা সূত্রে খবর, এরপর শহরের ২, ৪, ৫, ৭, ৮, ৯, ১১, ১৩, ১৪, ১৫ এবং ২১নম্বর ওয়ার্ডে নিকাশি নালা তৈরির কাজ শুরু হবে। ওইসব ওয়ার্ডে যাতে পুজোর আগেই সব কাজ সম্পূর্ণ হয়ে যায়, সেব্যাপারে পুর কর্তৃপক্ষ উদ্যোগী হয়েছে। পুরসভার এক আধিকারিক বলেন, পুজোর মুখে এরাজ্যে ভারী বৃষ্টি হয়। ওইসময় শহরবাসীকে যাতে জলযন্ত্রণা ভোগ করতে না হয়, তারজন্য আমরা দ্রুততার সঙ্গে প্রকল্প রূপায়নে উদ্যোগী হয়েছি। শীঘ্রই শহরের সিংহভাগ ওয়ার্ডে নিকাশি নালা তৈরির কাজ শুরু হয়ে যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ