নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: এসআইআর নিয়ে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে বাঁকুড়ার বাসিন্দাদের মধ্যেও কৌতূহল রয়েছে। এসআইআরে যাতে ভোটার তালিকা থেকে নাম বাদ না পড়ে তারজন্য জেলার বাসিন্দাদের মধ্যে আধার ও রেশন কার্ডের মতো নথি সংশোধনের হিড়িক পড়ে গিয়েছে। বাঁকুড়া হেড পোস্ট অফিস ও জেলার সাইবার ক্যাফেগুলিতে ওই দুই কার্ড নিয়ে অনেকেই হাজির হচ্ছেন। এসআইআরের গৃহ সমীক্ষা শুরুর আগেই অনলাইনে ভুলে ভরা আধার ও রেশন কার্ডের তথ্য সংশোধনের জন্য অনেকে তৎপর হয়েছেন।
বাঁকুড়া জেলা খাদ্য নিয়ামক শেখ আলিমুদ্দিন বলেন, রেশন কার্ড সংশোধনের জন্য আগের মতো এখন আর খাদ্য পরিদর্শকের অফিসে যেতে হয় না। আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে আসা ওটিপির সাহায্যে অনলাইনে যে কোনও জায়গা থেকে রেশন কার্ড সংশোধন করা যায়। হয়রানি কমাতে দপ্তরের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইনে সারা বছরই সংশোধনের কাজ চলে। বাঁকুড়া হেড পোস্ট অফিসের এক কর্মী বলেন, আগের তুলনায় আধার কার্ড সংশোধন, মোবাইল নম্বর সংযুক্তিকরণ বৃদ্ধি পেয়েছে। এসআইআরের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকে অনেকেই আধার কার্ড সংশোধনের জন্য ডাকঘরে ভিড় করছেন। লাইন দিয়ে বাসিন্দারা ওই কাজ করাচ্ছেন।
উল্লেখ্য, এসআইআরের বিজ্ঞপ্তি জারি হতেই জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি নিয়ে দেশজুড়ে ব্যাপক চর্চা হচ্ছে। কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব আইন সংশোধনের পর থেকেই দেশবাসীর একাংশের মধ্যে এনআরসি ভীতি কাজ করছে। নাগরিকত্ব প্রমাণের জন্য আপাতত এনআরসি দেশজুড়ে লাগু করা হচ্ছে না বলে কেন্দ্রীয় সরকার আশ্বাস দিলেও ভয় দূর হয়নি। গত বিধানসভা নির্বাচনে বিষয়টি এরাজ্যে অন্যতম ইস্যু হয়েছিল। তৃণমূল সহ বিজেপি বিরোধী সিংহভাগ দল এনআরসির বিরোধিতা করে ময়দানে নামে। সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে এনআরসি বিরোধী হাওয়া তীব্র। দেশভাগের পর পূর্ববঙ্গ থেকে অনেকেই এরাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে চলে আসেন। বর্তমানে তাঁরা রাজ্যজুড়েই ছড়িয়ে গিয়েছেন। তাঁরাও এসআইআর নিয়ে উদ্বেগে রয়েছেন। এই পরিস্থিতিতে যে কোনও নথিতে তথ্যগত ভুল থাকলেই তা নিয়ে জেলাবাসীর একাংশের মধ্যে সংশয় দানা বাঁধছে। সেই কারণে সংশোধনের হিড়িক পড়েছে বলে ওয়াকিবহাল মহলের অভিমত।
বাঁকুড়া জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। মৃত ও অন্যত্র স্থায়ীভাবে বসবাসকারী ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। তবে বিএলওরা বাড়ি বাড়ি ফর্ম পূরণ করার সময় প্রয়োজনীয় নথি চাইবেন। তা তাঁদের দিতে হবে। আধার, রেশন কার্ড সহ অন্যান্য পরিচয়পত্র ব্যক্তিগত নথিতে নাম, ঠিকানা ইত্যাদি ভুল থাকা কাম্য নয়। এসআইআর না হলেও ওইসব ভুল সংশোধন করে নেওয়া জরুরি ছিল। তা না হলে সরকারি পরিষেবা পেতে সমস্যা হতো।