নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘট। আগামী কাল মাসের দ্বিতীয় শনিবার, ওই দিনও ব্যাংক বন্ধ থাকবে। রবিবার জুড়লে টানা তিন দিন ব্যাংক পরিষেবা বিঘ্নিত হবে। কর্মী ও অফিসারদের ইনসেন্টিভ সংক্রান্ত বৈষম্য এবং সপ্তাহে পাঁচ দিন ব্যাংক পরিষেবা চালু রেখে প্রতি শনি ও রবিবার ছুটির দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস। এই মঞ্চের আওতায় আছে কর্মী ও অফিসারদের সংগঠনগুলি। যেহেতু এটিএম কর্মীদের সংগঠনও এই ধর্মঘটের আওতায় আছে, তাই আংশিকভাবে হলেও প্রভাব পড়বে এটিএম পরিষেবায়। ধর্মঘটীরা জানাচ্ছে, এই পদক্ষেপের পরও যদি সরকার তাদের দাবি না মেনে নেয়, তাহলে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর টানা তিন দিনের জন্য ফের ধর্মঘট হবে। এরপর ২৬ অক্টোবর থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠনগুলি।



