Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

লগ্নির নামে ৫০ লক্ষ টাকার প্রতারণা, ধৃত ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার

বেসরকারি ব্যাংকের রিলেশপশিপ ম্যানেজার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ দিয়েছিলেন গ্রাহক তথা মেডিকেল কলেজের অধ্যাপককে।

লগ্নির নামে ৫০ লক্ষ টাকার প্রতারণা,  ধৃত ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি,  বরানগর: বেসরকারি ব্যাংকের রিলেশপশিপ ম্যানেজার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ দিয়েছিলেন গ্রাহক তথা মেডিকেল কলেজের অধ্যাপককে। কিন্তু মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের নাম করে অধ্যাপকের অ্যাকাউন্ট থেকে প্রায় ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। নাগেরবাজার থানার পুলিশ প্রতারক ব্যাংক কর্মী শেখ সরিফুর রহমানকে গ্রেপ্তার করেছে। ধৃতকে মঙ্গলবার বারাকপুর আদালতে তোলা হলে বিচারক আট দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

পুলিশ সূত্রের খবর, ২০২৫ সালের জুন মাসে চিকিৎসক তথা অধ্যাপক নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর দাবি, নাগেরবাজারের বেসরকারি ব্যাংকে তাঁর অ্যাকাউন্ট ছিল। শেখ সরিফুর রিলেশনশিপ ম্যানেজার হিসাবে তাঁর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখত। মিউচুয়াল ফান্ডে টাকা রাখার জন্য সে উৎসাহ দিয়েছিল। ব্যাংকের বিভিন্ন প্ল্যানের বিষয়ে জানিয়েছিল। বিশ্বাস করে তিনি বিনিয়োগে রাজি হন। কিন্তু পরে তিনি দেখেন, তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে পর্যায়ক্রমে প্রায় ৫০ লাখ টাকা উধাও হয়ে যায়। কিন্তু মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হয়নি। সেই ঘটনায় নাগেরবাজার থানার পুলিশ অভিযুক্ত সরিফুলের বিরুদ্ধে প্রতারণা, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করেছিল। অভিযোগ দায়েরের পর থেকে তার খোঁজ মিলছিল না। হাওড়া জেলায় অভিযুক্তের বাড়ি ও শ্যামবাজার এলাকায় তল্লাশি চালিয়েও পুলিশ এতদিন তার হদিশ পায়নি। সোমবার রাতে পুলিশ বিশেষ সূত্রে জানতে পারে, অভিযুক্ত বাড়ি ফিরেছে। রাতে অভিযান চালিয়ে নাগেরবাজার থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। 
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিনিয়োগের সময়ে নথিতে অতিরিক্ত যোগাযোগের নম্বরের জায়গায় অভিযুক্ত নিজের মোবাইল নম্বর দিয়েছিল। এরপর নিজের মোবাইলে ওটিপি পাঠিয়ে সে কৌশলে চিকিৎসকের ব্যাংক অ্যাকাউন্টের ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। প্রতারণা চক্রে ব্যাংকের কেউ যুক্ত কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ