সংবাদদাতা, দার্জিলিং: ‘বাংলার মাটি, বাংলার জল....’ এই রাজ্য সঙ্গীত গাওয়া হবে না পাহাড়ে। শুক্রবার জিটিএ কর্তৃপক্ষ এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। গত বৃহস্পতিবার প্রাথমিক ও হাই সহ সমস্ত স্কুলে সকালের প্রার্থনায় রাজ্য সঙ্গীত গাওয়ার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। এনিয়ে জিটিএ কর্তৃপক্ষ আপত্তি তুলেছে। জিটিএ’র চিফ এগজিকিউটিভ অনীত থাপা জানিয়েছেন, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) পৃথক এবং স্বায়ত্তশাসিত। তাই রাজ্য সরকারের ওই নির্দেশ জিটিএ এলাকার স্কুলগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
দার্জিলিং পাহাড় ও কালিম্পং জেলা নিয়ে গঠিত জিটিএ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট দু’টি জেলার মধ্যে দার্জিলিং পাহাড়েই সরকার পোষিত প্রাথমিক স্কুল ৫৫০টি এবং হাইস্কুল ১১৯টি। ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৪০ হাজার। জিটিএ নেতৃত্ব জানিয়েছে, পাহাড়ের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। পাহাড় বিভিন্ন ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের আবাসস্থল। এখানকার মানুষ প্রতিটি ধর্ম এবং ঐতিহ্যকে সম্মান করে। পাহাড়ের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়, ঐতিহ্য রয়েছে। এরসঙ্গে সংযুক্ত জনগণের অনুভূতি। জিটিএ’র চিফ এগজিকিউটিভ জানান, পাহাড়ের সকল স্কুলে জাতীয় সঙ্গীতের আগে তাদের স্কুলের গান এবং প্রার্থনা সঙ্গীত গাওয়ার ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যের স্বীকৃতি ও সম্মানের জন্য পাহাড়ের স্কুলগুলিতে আজ পর্যন্ত যে ঐতিহ্য অনুসরণ করা হচ্ছে, তা অব্যাহত থাকবে। এই রাজ্য সরকারের গানটি পাহাড়ি স্কুলগুলিতে বাস্তবায়িত হবে না।