সংবাদদাতা, বনগাঁ: ব্যবসার কাজে ভারতে এসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বাংলাদেশি বাসিন্দা এক যুবক। অসুস্থ যুবকের নাম শেখ মহিম (২৩)। বাংলাদেশের খুলনার বাসিন্দা তিনি। জানা গিয়েছে, শনিবার সকালে পেট্রাপোল সীমান্ত দিয়ে এদেশে আসেন ওই যুবক। কিন্তু সেখানে এসে অসুস্থ হয়ে পড়লে তাঁর চিকিৎসা করেন সীমান্তে কর্মরত একজন চিকিৎসক। খবর দেওয়া হয় বনগাঁ সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। দ্রুত অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাঁকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশি ওই যুবকের জ্বর ছিল। সারা শরীরে র্যাশ বের হওয়ায় তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বনগাঁ সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক সাহা রায় বলেন, সীমান্তে কর্তব্যরত চিকিৎসক আমাকে বিষয়টি জানান। দ্রুত ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন। জানা গিয়েছে, ব্যবসার কাজে কলকাতা যাওয়ার জন্যই ওই যুবক ভারতে এসেছিলেন।



