মাদক পাচারবিরোধী অভিযানে জোড়া সাফল্য, রাজ্যের দুই প্রান্ত থেকে গ্রেপ্তার ৬
  • ১১ অক্টোবর, ২০২৬ ০৯:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গে মাদক পাচারবিরোধী অভিযানে বড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ১০ অক্টোবরের দু’টি পৃথক অভিযানে মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় ৯০ কেজি গাঁজা এবং প্রায় ১ কেজি ব্রাউন সুগার।

Advertisement

প্রথম অভিযানটি হয় উত্তর ২৪ পরগনার নিমতা থানার এলাকায়।  এখানে এএনটিএফ এর অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।  উদ্ধার করা হয় বিপুল পরিমান গাঁজা। যার আনুমানিক বাজারমূল্য ৪৪ লক্ষ ৫০ হাজার টাকা। পাশাপাশি নগদ ৫ লক্ষ টাকা এবং তিনটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের মধ্যে দু’জন ওড়িশার বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁদের বিরুদ্ধে গাঁজা সরবরাহের অভিযোগ রয়েছে।

অন্যদিকে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বাগডোগরা থানার এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বাড়ি দার্জিলিঙের নকশালবাড়ি থানা এলাকায়। তাঁর কাছ থেকে প্রায় ১ কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি টাকা। দু’টি ঘটনাতেই মাদক পাচারের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।