ফের আবহাওয়ার ভোলবদল! দুর্গাপুজোয় কেমন থাকবে আবহাওয়া? জানাল আবহাওয়া দপ্তর
  • ১১ অক্টোবর, ২০২৬ ১০:৫০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজো আর হাতে গোনা কিছুদিন। তার আগেই ফের আবহাওয়ার খামখেয়ালিপনা। পুজোর মুখে ফের বদলাতে চলেছে বাংলার আবহাওয়া। আপাতত বৃষ্টির বিরতি, শুরু হচ্ছে শুষ্ক আবহাওয়ার পর্ব। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না বলেই ইঙ্গিত আবহাওয়া দফতরের পূর্বাভাসে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার জেরেই সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও ষষ্ঠী ও সপ্তমীর দিন উপরের দিকের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে পুজোর দিনগুলি মূলত শুষ্ক আবহাওয়াতেই কাটবে বলে পূর্বাভাস।

Advertisement

পুজোর মুখে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। মঙ্গলবারের মধ্যেই নিম্নচাপটি তৈরি হতে পারে। ইতিমধ্যেই আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। আবহাওয়াবিজ্ঞানীদের মতে, নিম্নচাপ তৈরি হলেও তার অভিমুখ অন্ধ্রপ্রদেশের দিকে থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বুধবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মঙ্গলবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে। 

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। তবে রবিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কমবে বৃষ্টির সম্ভাবনাও। উত্তরবঙ্গেও আজ থেকে মূলত শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস। পাশাপাশি বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। তবে শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলা, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। ষষ্ঠী ও সপ্তমীর দিনও উত্তরবঙ্গের উপরের দিকের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।

কলকাতায় আজ আকাশ মূলত আংশিক মেঘলা থাকার সামান্য সম্ভাবনা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সকাল ও সন্ধ্যার আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত থাকলেও আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে। এদিকে, রবিবার থেকে বুধবারের মধ্যে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬২ থেকে ৯৭ শতাংশ। ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হতে পারে।