একাধিক অভিযোগে গ্রেপ্তার মিনাখাঁর তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি
  • ১১ অক্টোবর, ২০২৬ ০৯:৩২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজনৈতিক প্রভাবের আড়ালে দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ ঘিরে বিতর্কে ছিলেন তিনি। এবার পুলিশের হাতেনাতে গ্রেপ্তার হলেন মিনাখাঁর তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি আইয়ুব গাজি। বেআইনিভাবে বিদ্যুৎ ব্যবহার, তোলাবাজি এবং ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে মিনাখাঁ থানার পুলিশ। 

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আইয়ুব গাজির নিজের একটি দোকান ছিল। অভিযোগ সেখানে বেআইনি ভাবে বিদ্যুৎ ব্যবহার করা হত। এমনকি ওই দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনাও ঘটে। এরপর মৃত যুবকের পরিবারের তরফে আইয়ুব গাজির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এছাড়াও, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তোলাবাজি, সন্ত্রাস সৃষ্টি এবং ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার জেরে বহু মানুষকে এলাকাছাড়া করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অবশেষে তদন্তে নেমে শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করার কথা।