Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৩৫ বছর ভারতে বাস, বারুইপুর থেকে গ্রেপ্তার বাংলাদেশি মহিলা

টানা প্রায় ৩৫ বছর বাস করেছেন এদেশে। অবশেষে পুলিসের জালে ধরা পড়লেন সেই বাংলাদেশি মহিলা। বুধবার সকালে তাঁকে বারুইপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের খ্রিস্টানপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।

৩৫ বছর ভারতে বাস, বারুইপুর থেকে গ্রেপ্তার বাংলাদেশি মহিলা
  • ১৪ আগস্ট, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: টানা প্রায় ৩৫ বছর বাস করেছেন এদেশে। অবশেষে পুলিসের জালে ধরা পড়লেন সেই বাংলাদেশি মহিলা। বুধবার সকালে তাঁকে বারুইপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের খ্রিস্টানপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম শেখ সালমা বেগম (৪৬)। বাড়ি থেকে তাঁর ও স্বামীর বাংলাদেশের ভোটার ও প্যান কার্ড এবং ভারতের আধার কার্ড পাওয়া গিয়েছে। কীভাবে এত বছর এখানে থাকলেন ওই বধূ, সেটা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। পুলিসের গোয়েন্দা বিভাগ কোনও খবর কী করে পেল না , সেটা নিয়ে সরব হয়েছেন এলাকার মানুষজন। প্রাথমিকভাবে ধৃতকে জেরা করে পুলিস জানতে পেরেছে, মহিলার এক দিদি দিল্লিতে থাকেন। খ্রিস্টানপাড়ায় তাঁর একটি বাড়ি ফাঁকা পড়েছিল।

Advertisement

সেই সুবাদে ওই বাড়িতেই এতদিন থাকছিলেন সালমা। এই তথ্য যাচাই করে দেখছেন তদন্তকারী অফিসাররা। মহিলার স্বামী ভুট্টার ব্যবসা করেন বলে সালমা পুলিসকে জানিয়েছেন। তিনি কলকাতায় থাকেন। মাঝে মাঝে বারুইপুরের বাড়িতে আসতেন। তাঁর পরিচয় নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। ধৃত মহিলা প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা খুব বেশি না করলেও বাজারহাট ও অন্যান্য জায়গায় তাঁকে দেখা যেত। বাড়িতে দামি আসবাবপত্র রয়েছে। তবে গত কয়েকদিন ধরে সালমাকে বাড়ির বাইরে সেভাবে বেরতে দেখা যায়নি। এতে সন্দেহ তৈরি হলেও কেউ সেভাবে গুরুত্ব দেননি। এদিন সকালে পুলিস তাঁকে গ্রেপ্তার করে নিয়ে গেলে চমকে ওঠেন প্রতিবেশীরা। তাঁরা বলছেন, এত বছর ধরে পাড়ায় একজন বাংলাদেশি বসবাস করছিলেন আর আমরা কেউ টের পেলাম না! সালমার কাছ থেকে উদ্ধার হওয়া নথি থেকে পুলিস জানতে পেরেছে, তাঁর বাড়ি বাংলাদেশের দক্ষিণ নন্দনপুর এলাকায়। এদিকে, সালমার স্বামীর খোঁজ শুরু করেছে পুলিস। এই দম্পতি কীভাবে ভারতে এল, কাদের সাহায্যে এল এবং আধার কার্ড বানাল, সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।
প্রসঙ্গত, কয়েক মাস আগেই বারুইপুরেই রবীন্দ্রভবন সংলগ্ন এলাকা থেকে এক বাংলাদেশি মহিলাকে পুলিস গ্রেপ্তার করেছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ