নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: নাগরিকত্ব পেতে হলে মতুয়াদের ঘোষণা করতে হবে ‘আমি বাংলাদেশি হিন্দু’। শুধু মুখে বললেই হবে না। আদালতে রীতিমতো হলফনামা দিতে হবে। সেই হলফনামা বিজেপি পার্টি অফিসে জমা করলে তবেই নাগরিকত্ব মিলতে পারে। এমনই টোপ দিয়ে জেলা পার্টি অফিসগুলিতে ক্যাম্প করবে গেরুয়া বাহিনী। এসআইআর নিয়ে যতই হম্বিতম্বি করুক বিজেপির নেতা-মন্ত্রীরা, তলে তলে তাঁরা বুঝতে পারছেন ভোটার তালিকায় নিবিড় সংশোধনী প্রক্রিয়া বাংলায় ব্যুমেরাং হয়ে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতেই তাঁরা এখন নানা ফন্দিফিকির খুঁজছেন। তারই একটি ধাপ নাগরিকত্বের টোপ বলে মনে করছে রাজনৈতিক মহল।
জানা গিয়েছে, ইতিমধ্যেই আবেদনপত্র নথিভুক্ত করতে বর্ধমান জেলা পার্টি অফিসে প্রায় ৪০টি কম্পিউটার মজুত করেছে বিজেপি। চলছে দক্ষ কর্মী নিয়োগও। এটা করতে গিয়েও হোঁচট খেতে হচ্ছে গেরুয়া শিবিরকে। কেননা, মতুয়াদের একটা বড় অংশ নিজেদের ‘বাংলাদেশি’ বলে আইনি ঘোষণা করতে নারাজ। এমন ঘোষণা করতে তাঁদের বাধ্য করানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। তাতে তাঁরা অপমানিত বোধ করছেন। তবে, কেউ কেউ বিজেপির টোপ গিলে হলফনামা দিয়ে ‘বাংলাদেশি’ বলে ঘোষণা করছেন। বারাসতের এমনই এক ব্যক্তির হলফনামা উদাহরণ হিসেবে দলের কর্মীদের সামনে তুলে ধরছেন জেলার নেতারা। কর্মশালাতেও দেখানো হচ্ছে সেই হলফনামার ফরম্যাটও। জামালপুরের ঝাপানডাঙার বাসিন্দা উজ্জ্বল সরকার। তিনি বহু আগেই বাংলাদেশ থেকে এসে এখানে বসবাস করছেন। এদিন তিনি বলছিলেন, ‘ওরা তো ভালোভাবেই জানে আমরা বাংলাদেশ থেকে আসতে বাধ্য হয়েছি। এ রাজ্যে বহুদিন ধরে রয়েছি। এখানকার বাসিন্দা। তা হলে আবার নতুন করে নিজেদের কেন বাংলাদেশি বলে হলফনামা দিতে হবে? এটা অপমানের।’