সংবাদদাতা, লালবাগ: বুধবার রাতে লালগোলা থানার রাধাকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃত বাংলাদেশির নাম দুলাল শেখ। বাড়ি বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। ধৃতকে এদেশে অনুপ্রবেশে সাহায্যের অভিযোগে ওই রাতেই দুই ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়। ধৃত দুই ভারতীয় দালালের নাম ইসমাইল শেখ ও আকাশ শেখ। ইসমাইলের বাড়ি লালগোলার রাধাকৃষ্ণপুরে এবং আকাশের বাড়ি একই থানার দুলর্ভপুরে। বৃহস্পতিবার ধৃত তিনজনের সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। ভগবানগোলা এসডিপিও বিমান হালদার বলেন, ধৃত বাংলাদেশিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে তিন দিন আগে সে লালগোলার রাধাকৃষ্ণপুর ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে এদেশে ঢুকেছিল। তাকে এদেশে অনুপ্রবেশে সাহায্য করেছিল ইসমাইল শেখ ও আকাশ শেখ। এদেশে ঢোকার পর সে রাধাকৃষ্ণপুরে ইসমাইল শেখের বাড়িতে আশ্রয় নেয়। সুযোগমতো নির্মাণ শ্রমিক হিসেবে তার দক্ষিণ ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল।



