Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিএসএফের সঙ্গে ধস্তাধস্তি, গুলি ছিটকে মৃত্যু বাংলাদেশের দুষ্কৃতীর

বাংলাদেশি পাচারকারীদের সঙ্গে বিএসএফ জওয়ানদের ধস্তাধস্তির সময় গুলি ছিটকে মৃত্যু হল এক বাংলাদেশি দুষ্কৃতীর।

বিএসএফের সঙ্গে ধস্তাধস্তি, গুলি ছিটকে মৃত্যু বাংলাদেশের দুষ্কৃতীর
  • ১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বাংলাদেশি পাচারকারীদের সঙ্গে বিএসএফ জওয়ানদের ধস্তাধস্তির সময় গুলি ছিটকে মৃত্যু হল এক বাংলাদেশি দুষ্কৃতীর। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শনিবার কাঁটাতারের কাছে বেশ কয়েকজন ভারতীয় পাচারকারী প্লাস্টিকের বান্ডিল বাংলাদেশের দিকে ছুঁড়ে দিচ্ছিল। ওপারে থাকা বাংলাদেশি পাচারকারীরা সেগুলি তুলে নিচ্ছিল। জওয়ানরা তাদের থামতে নির্দেশ দেয়। কিন্তু, পাচারকারীরা সেকথা না শোনায় বিএসএফ এক রাউন্ড শূন্যে গুলি চালায়। জওয়ানরা আরও সামনে এগিয়ে গেলে  বাংলাদেশি পাচারকারীরা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের উপর হামলা করে। বিএসএফ জানায়, পাচারকারীরা একজন জওয়ানের ওপর ঝাঁপিয়ে পড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তখন পাচারকারীদের সঙ্গে জওয়ানদের ধস্তাধস্তি শুরু হয়।‌ সেই সময় বন্দুকের ট্রিগার চাপ পড়ে যাওয়ায় গুলি বেরিয়ে একজন পাচারকারীর শরীরে লাগে। সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে।  

Advertisement

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গুলিতে জখম পাচারকারীকে প্রায় ৫০ থেকে ৬০ মিটার দূরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাকি দুষ্কৃতীরা।‌ এরপর জলমগ্ন এলাকায় তাকে ফেলে পালিয়ে যায় তারা। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৯৬ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ, দু’বোতল বিদেশি মদ, চারটি ধারালো অস্ত্র উদ্ধার হয়। জখম পাচারকারীকে কৃষ্ণগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। উদ্ধার হওয়া সামগ্রী এবং মৃতদেহটি কৃষ্ণগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় বিএসএফের পক্ষ থেকে কৃষ্ণগঞ্জ থানায় এফআইআর দায়ের করা হয়।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ধানতলা থানার ঝোরপাড়া সীমান্তে বিএসএফ জওয়ানরা ইছামতি নদীর কাছে টহলদারির সময় পাচারকারীদের দেখতে পান। বিএসএফ জানায়, বাংলাদেশের দিক থেকে দু’জন পাচারকারী ভারতে ঢোকার চেষ্টা করছিল। ভারতের পাচারকারীদের হাতে জাল নোট তুলে দেওয়ার কথা ছিল। পরিস্থিতি বুঝে জওয়ানরা দ্রুত ঘটনাস্থলের দিকে যেতেই পাচারকারীরা নদীতে সাঁতার কেটে ও জঙ্গল দিয়ে পালিয়ে যায়।
এরপর ওই এলাকায় তল্লাশি চালিয়ে জওয়ানরা একটি প্যাকেট উদ্ধার করে। ওই প্যাকেট খুলতেই বান্ডিল বান্ডিল জাল ৫০০ টাকার নোট পাওয়া যায়। জানা গিয়েছে, বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নের জওয়ানরা অভিযান চালিয়ে মোট তিন লক্ষ আট হাজার জাল ৫০০ টাকার নোট উদ্ধার করেছে। উদ্ধার হওয়া নোটের সংখ্যা ৬১৬টি। বিএসএফের এক আধিকারিকের কথায়, নদীয়া সীমান্ত দিয়ে বহু দিন পর জালনোট পাচারের চেষ্টা করা হল।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ