৪৮ ঘণ্টার লকডাউন শুরু হতেই বাংলাদেশে ফের অশান্তি, সংঘর্ষে নিহত আওয়ামি লিগ কর্মী
  • ২৯ নভেম্বর, ২০২৬ ১৭:১৯
Prefer us on Google

ঢাকা, ২৯ নভেম্বর: ফের চরমে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামি লিগের ডাকা ৪৮ ঘণ্টার দেশজুড়ে লকডাউন শুরু হতেই বিভিন্ন এলাকার সংঘর্ষ, বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও পথ অবরোধের ঘটনা সামনে এসেছে। রবিবার ফের নতুন কর রাজনৈতিক সংঘর্ষে প্রাণ গেল আওয়ামি লিগের এক কর্মীর। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণ  রাখতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। 

Advertisement

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গিয়েছে, বাংলাদেশর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শরিয়তপুর বিএনপি কর্মীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন আওয়ামি লিগের স্থানীয় কর্মী ইব্রাহিম সিপাহি। সংঘর্ষ চলাকালীন স্থানীয় অস্ত্র দিয়ে তাঁকে আক্রমণ করা হয় বলে অভিযোগ। অন্যদিকে, আওয়ামি লিগের বিক্ষোভকারীদের বিরুদ্ধে একটি বাজার, রেস্তরাঁ ও একাধিক গাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। রবিবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, অবরোধ ও হিংসার ঘটনা ঘটতে থাকে। এদিন পদ্মা সেতুতেও রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। এর জেরে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগ ব্যাহত হয়। সংবাদমাধ্যম সূত্রে খবর, বাংলাদেশের ৬৪টি প্রশাসনিক জেলার মধ্যে অন্তত ১৪টি জেলায় হিংসার ঘটনা ঘটেছে। রাজধানী ঢাকাতেও বোমা বিস্ফোরণ ও গাড়িতে আগুন ধরানোর খবর মিলেছে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করেছে প্রশাসন। রাতারাতি ঢাকা-সহ ছয়টি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অতিরিক্ত সাত প্লাটুন মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই সাতটি জেলায় ১২০টি প্লাটুন নিরাপত্তার কাজে রয়েছে। চলছে ড্রোন নজরদারীও। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসও ব্যবহার করেছে পুলিশ। 

এর মধ্যেই আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন শেখ হাসিনা। আদালতে আত্মসমর্পণ করবেন বলেও জানিয়েছেন তিনি। দেশে ফেরার জন্য দিল্লিতে বাংলাদেশ মিশনের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছিলেন তাঁর আইনজীবীরা। তবে সেই আবেদন খারিজ করে দেয় বাংলাদেশ সরকার। এরপরই দেশে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে বলে সূত্রের খবর। হাসিনা তাঁর ফেরার জন্য দিল্লি থেকে বাংলাদেশের জাতীয় বিমান সংস্থার বিমানের ব্যবস্থা করার আবেদনও জানিয়েছেন।