নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ফের অশান্ত বাংলাদেশ। ওপারে জ্বলছে হিংসার আগুন। পদ্মাপাড়ের অশান্তির বাতাবরণে সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে এপার বাংলার সীমান্তবর্তী এলাকাগুলিতেও। বিশেষ করে মুর্শিদাবাদ জেলার দীর্ঘ সীমান্তের একাধিক অরক্ষিত ও খোলা অংশ দিয়ে সম্ভাব্য অনুপ্রবেশ রুখতে চরম সতর্কতা জারি করেছে বিএসএফ। শীতের শুরুতে ঘন কুয়াশার সুযোগ নিয়ে যাতে কোনো দুষ্কৃতী বা অনুপ্রবেশকারী সীমান্ত পেরিয়ে এদেশে না ঢুকতে পারে, সেজন্য দিনরাত চলছে অতন্দ্র নজরদারি। কোথাও নিরাপত্তার ফাঁক গলার কোনো সুযোগ নেই।
সীমান্তের বিস্তীর্ণ এলাকায় কোথাও কাঁটাতারের বেড়া থাকলেও, নদী তীরবর্তী বা দুর্গম চর এলাকায় এখনও বেশ কিছু খোলা অংশ রয়েছে। শীতের মরশুমে কুয়াশার চাদর নামতেই দৃশ্যমানতা কমে যাওয়ায় এই এলাকাগুলি দিয়ে অনুপ্রবেশের আশঙ্কা কয়েকগুণ বেড়ে যায়। বর্তমানে ওপার বাংলার রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার প্রেক্ষাপটে সেই ঝুঁকি আরও উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের। ফলে সীমান্ত চৌকিগুলিতে বাড়ানো হয়েছে জওয়ানদের টহল। ভোরের আলো ফোটার আগে এবং সন্ধ্যা নামার পর থেকেই ওয়াচ টাওয়ার ও সীমান্ত বরাবর বাইনোকুলার ও নাইট ভিশন যন্ত্র হাতে কড়া নজর রাখছেন বিএসএফ আধিকারিক ও জওয়ানরা। পদ্মার চর ও শাখা নদীগুলির জলপথেও স্পিডবোট নিয়ে চলছে নিয়মিত নজরদারি। সীমান্ত লাগোয়া গ্রামগুলির বাসিন্দাদের চোখেমুখেও এখন চাপা উদ্বেগ। জলঙ্গির স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ওপারের খবর শুনে আমরা চিন্তায় আছি। শীত পড়তেই কুয়াশা বাড়ছে। আগেও কুয়াশার সুযোগ নিয়ে নানা রকম সন্দেহজনক গতিবিধি সীমান্তে দেখা গিয়েছে। এখন বিএসএফকে আগের চেয়ে অনেক বেশি তৎপর দেখছি। রাত-বিরেতে চলছে টহল। তবুও খোলা জায়গাগুলি নিয়ে আমাদের ভয় থেকেই যাচ্ছে।
লালগোলার গ্রামবাসী সুমিত্রা মণ্ডলের কথায়, আমাদের চাষের জমি আর ঘরবাড়ি একদম সীমান্তের গায়ে। ওপারের অশান্তির আঁচ যাতে এপারে না পড়ে, সেটাই চাই। সন্ধ্যা নামলেই দ্রুত বাড়ি ঢুকে পড়ছি। বিএসএফ জওয়ানরা যেভাবে কুয়াশার মধ্যেও পাহারা দিচ্ছেন, তাতে কিছুটা ভরসা পাচ্ছি।
বিএসএফের এক পদস্থ আধিকারিক জানান, বাংলাদেশের সাম্প্রতিক অস্থির পরিস্থিতির দিকে আমাদের কড়া নজর রয়েছে। মুর্শিদাবাদ সীমান্তের স্পর্শকাতর ও খোলা অংশগুলি চিহ্নিত করে সেখানে অতিরিক্ত বাহিনী মোতায়েন রাখা হয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার বিষয়টি মাথায় রেখে আধুনিক নজরদারি সরঞ্জাম, বাইনোকুলার ও নৌ-টহল জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষিত রাখতে আমরা প্রস্তুত।
স্থানীয় প্রশাসন ও বিএসএফের যৌথ উদ্যোগে সীমান্তবর্তী গ্রামগুলিতে সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত খবর দেওয়ার জন্য সচেতনতার প্রচারও চালানো হচ্ছে।



