Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যান্ডেলের কায়দায় ছিনতাই উত্তরপাড়ায়, ক্ষুব্ধ বাসিন্দারা

প্রায় দু’মাস আগে ব্যান্ডেলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। এবার উত্তরপাড়ার ভদ্রকালীতে সেই একই কায়দায় রাস্তা থেকে পথচারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দিল বাইকে চেপে আসা দুষ্কৃতীরা।

ব্যান্ডেলের কায়দায় ছিনতাই উত্তরপাড়ায়, ক্ষুব্ধ বাসিন্দারা
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: প্রায় দু’মাস আগে ব্যান্ডেলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। এবার উত্তরপাড়ার ভদ্রকালীতে সেই একই কায়দায় রাস্তা থেকে পথচারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দিল বাইকে চেপে আসা দুষ্কৃতীরা। রবিবারের এই ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে আলোড়ন পড়েছে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ থেকে হরিশ মুখার্জি স্ট্রিটের ওই ছিনতাইয়ের ঘটনা স্পষ্ট দেখা গিয়েছে। জানা গিয়েছে, রবিবার ওই রাস্তা দিয়ে দুই আত্মীয়ার সঙ্গে যাচ্ছিলেন উত্তরপাড়ার বাসিন্দা এক মহিলা। তাঁরা সকলেই বাঁ দিক দিয়ে পাশাপাশি হাঁটছিলেন। তাঁদের মধ্যে যিনি ডানদিকে ছিলেন, ছিনতাইয়ের শিকার হয়েছেন তিনি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, দুই বাইক আরোহী ওই মহিলাদের কাছাকাছি আসে। তারপর বাইকের পিছনে বসে থাকা দুষ্কৃতী হ্যাঁচকা টানে মহিলার ব্যাগ ছিনিয়ে নিয়ে বাইক নিয়ে দ্রুত পালিয়ে যায়। রবিবারই থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। উত্তরপাড়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে নাগরিক মহলে এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয় কাউন্সিলার তাপস মুখোপাধ্যায় বলেন, খুবই উদ্বেগজনক ঘটনা। আশা করি, পুলিশ নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ