সংবাদদাতা, বনগাঁ: আগে একাধিক পণ্যের আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। এবার বাংলাদেশ থেকে জুট আমদানির উপরও নিষেধাজ্ঞা আরোপ করল। শুক্রবার একটি নির্দেশিকা প্রকাশ হয়েছে। তাতে আছে, কাঁচা পাট ও পাটজাত কিছু পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। পেট্রাপোল সীমান্ত সহ দেশের একাধিক স্থলবন্দর দিয়ে এইপ্রকার পণ্য আমদানি করা যাবে না। নতুন করে বাংলাদেশ থেকে পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার প্রভাব সরাসরি পড়ছে পেট্রাপোল সীমান্তে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমিকরা। পেট্রাপোল সূত্রে জানা গিয়েছে, সীমান্ত দিয়ে প্রতিদিন পাটজাত পণ্য বোঝাই ৬০ থেকে ৭০টি ট্রাক বাংলাদেশ থেকে ভারতে আসত। ট্রাকে মাল ওঠানো নামানোর কাজে বহু শ্রমিক যুক্ত ছিলেন। নিষেধাজ্ঞা জারির কারণে তাঁরা কর্মহীন হয়ে পড়বেন।



