নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবশেষে কি বৃদ্ধি পেতে চলেছে ইপিএফের ন্যূনতম মাসিক পেনশনের পরিমাণ? ১৯ নভেম্বর দিল্লিতে জরুরি বৈঠক ডেকেছে কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের (ইপিএফও) অছি পরিষদ। সরকারি সূত্রে জানা যাচ্ছে, ওই বৈঠকের অন্যতম এজেন্ডা হতে পারে ১৯৯৫ সালের এমপ্লয়িজ পেনশন স্কিম (ইপিএস)। যা সাধারণভাবে পিএফের পেনশন হিসাবেই পরিচিত।
দীর্ঘদিন ধরেই ইপিএফের ন্যূনতম মাসিক পেনশনের পরিমাণ বৃদ্ধির বিষয়টি নিয়ে টালবাহানা করছে নরেন্দ্র মোদি সরকার। এই মুহূর্তে মাসে ইপিএফের ন্যূনতম পেনশনের পরিমাণ মাত্র এক হাজার টাকা। তাই বহু বছর ধরেই পেনশন বৃদ্ধির দাবি উঠছে। এমনকি অতীতে একাধিকবার সংসদীয় স্থায়ী কমিটিও মাসিক পেনশনের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে শ্রমমন্ত্রককে সুপারিশ করেছে। কিন্তু নরেন্দ্র মোদি সরকার সংসদীয় কমিটির সেই সুপারিশেও কর্ণপাত করেনি। এ বিষয়ে টিইউসিসির সাধারণ সম্পাদক তথা ইপিএফও অছি পরিষদের সদস্য শিবপ্রসাদ তিওয়ারি বলেন, ‘কর্মী পিএফের ন্যূনতম মাসিক পেনশনের পরিমাণ অন্তত তিন হাজার টাকা করার সিদ্ধান্ত অতীতে একপ্রকার হয়েই গিয়েছিল। কিন্তু তা কেন কার্যকর হচ্ছে না, বুঝতে পারছি না। সরকারিভাবে আগামী অছি পরিষদ বৈঠকের এজেন্ডা এখনও পর্যন্ত আমাদের কিছু জানানো হয়নি।’ শ্রমমন্ত্রকের শীর্ষ সূত্রে অবশ্য এই ইস্যুতে টালবাহানার যাবতীয় অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। মন্ত্রক সূত্রে ব্যাখ্যা দেওয়া হয়েছে, বর্তমানে কর্মী পিএফের পেনশন বৃদ্ধি সংক্রান্ত একাধিক মামলা আদালতের বিচারাধীন রয়েছে। তাই এব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাচ্ছে না।



